২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিরাপদ সড়ক বাস্তবায়ন আইন শিগগির’

আগামী মন্ত্রিপরিষদের বৈঠকে নিরাপদ সড়ক বাস্তবায়ন আইন পাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 11:03 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

শুক্রবার বেনাপোল স্থলবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, আগামী ৯ জুন মন্ত্রিপরিষদের বৈঠক আহবান করা হয়েছে। এ বৈঠকে নিরাপদ সড়ক বাস্তবায়ন আইন পাশ করা হবে।

বেনাপোল বন্দরের বাইপাস সড়ক ও কাস্টমস চেকপোস্ট এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ঈদের আগে রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের প্রতিশ্রুতি দেন মন্ত্রী।  

তিনি জানান, সারাদেশে ২১ হাজার কিলোমিটার সড়ক রয়েছে। এ সড়কগুলো ঈদের আগে জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে, যাতে সবাই নিরাপদে বাড়ি যেতে এবং ফিরতে পারে।

আগামী ১৫ জুন থেকে সারাদেশে সড়ক মহাসড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হবে।

এছাড়া নসিমন, করিমন, ভটভটিসহ সকল অবৈধ যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে বলেও জানান কাদের।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য  শেখ আফিল উদ্দিন, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন প্রমুখ।