২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের মাঠে রাবি শিক্ষকরা

সিটি কর্পোরেশন নির্বাচনে দল সমর্থিত মেয়র পদপ্রার্থীর প্রচারণায় মাঠে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 10:40 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

মূলত এলাকাবাসীর কাছে শিক্ষক হিসেবে গ্রহণযোগ্যতা থাকায় মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা প্রগতিশীল এবং জাতীয়তাবাদী ইসলামী চেতনায় বিশ্বাসী এসব শিক্ষকদের সঙ্গে নিয়ে প্রচারণা চালাচ্ছেন বলে স্থানীয়রা মনে করেন।

শিক্ষকরা পছন্দের প্রার্থীর জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করায় অনেকক্ষেত্রে ক্লাসে পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের।

বিএনপিপন্থি শিক্ষকরা ১৮ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে মাঠে কাজ করছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ফজলুল হক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ফোরামের ১১৫ জনেরও বেশি শিক্ষক ১০টি গ্রুপে বিভক্ত হয়ে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় বুলবুলের পক্ষে ভোট চাইছেন।”

শিক্ষকদের ব্যক্তিগত ইমেজ থাকায় তারা সরাসরি ভোটারদের মন কাড়তে পারেন বলে জানান ফজলুল হক।

সম্মিলিত নাগরিক ফোরামের প্রার্থী বুলবুল। ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক। এছাড়া ১০১ সদস্যের ফোরামের অধিকাংশই বিশ্ববিদ্যালয় শিক্ষক বলে জানান এর দপ্তর সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক মাসুদুল হক খান মুক্তা।

অন্যদিকে মহাজোট সমর্থিত মেয়র পদপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আনন্দ কুমার সাহা।

শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে এটা আমাদের অধিকার। যোগ্য নেতৃত্ব তৈরি করে দেশের উন্নয়নে কাজ করা আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক সারওয়ার জাহান সজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বোচ্চ স্বাধীনতা দেয়া হয়েছে। সেই জায়গা থেকে শিক্ষকরা প্রচারণা করতে পারেন।

নিজে সম্মিলিত নাগরিক কমিটির সাবেক সভাপতি উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনা আইন অনুযায়ী কেউ শিক্ষক থাকাকালীন জাতীয় ও স্থানীয় নির্বাচনে সরাসরি প্রার্থী হতে পারবেন না। তবে তিনি নির্বাচনী প্রচারণা করতে পারবেন কি না সে ব্যাপারে আইনে স্পষ্ট করে কিছু বলা নেই।

রাজশাহীর ৩০ নং ওয়ার্ডের বাসিন্দা আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে কখনো এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচনী প্রচারণা করতে দেখা যায়নি। এবার প্রার্থীদের একজন সাধারণ কর্মীর মতোই শিক্ষকরা ভোট চাচ্ছেন।

তিনি আরো বলেন, রাজশাহীবাসী সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনেক সম্মান করেন। আর সেটাই কাজে লাগাচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।

স্থানীয় সাহেববাজারের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুনায়েদ সিদ্দিকী বলেন, “সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিটি বাসায় প্রার্থীদের সরগরম উপস্থিতি থাকে। তাদের সঙ্গে অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষককে দেখেছি যারা আমার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়ান।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বৃহস্পতিবার সকালে যে শিক্ষকের ক্লাস নেয়ার কথা ছিল তিনি তা নেননি, অথচ সন্ধ্যার দিকে সেই শিক্ষককে আমাদের বাসায় একজন মেয়র পদপ্রার্থীর হয়ে বাবার কাছে ভোট চাইতে দেখেছি।”

তবে উভয়পক্ষের শিক্ষকরা মনে করেন, শিক্ষকদের এটা করা ঠিক না।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নির্বাচনী প্রচারণায় পাশে পেয়ে খুব খুশি বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল।

তিনি শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসলে ওনারা (শিক্ষকরা) আমাকে অনেক ভালবাসেন বলে আমার জন্য কাজ করছেন।”

এ এইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এটা অনেক মহৎ কাজ যে স্থানীয় পর্যায়ে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত  জবাবদিহিমূলক নির্বাচনের জন্য শিক্ষকরা কাজ করছেন।