পাহাড়ে বসবাসকারীদের তালিকা করতে কমিটি
চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নতুন তালিকা করতে একটি ‘টেকনিক্যাল’ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নগরীর সার্কিট হাউসে ‘শক্তিশালী পাহাড় ব্যবস্থাপনা কমিটি’র এক সভায় সাত সদস্যর এ কমিটি গঠন করা হয়।
সভা শেষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, চট্টগ্রামের বিভিন্ন পাহাড়কে পরীক্ষা-নিরীক্ষা করে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের তালিকা করতে রোববার থেকে ‘টেকনিক্যাল’ কমিটি কাজ শুরু করবে।
এক মাসের মধ্যে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নতুন তালিকা করে পাহাড় ব্যবস্থাপনা কমিটির পরবর্তি সভায় পেশ করতে কমিটিকে বলা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের পরিচালক মো. জাফর আলমকে ‘টেকনিক্যাল’ কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব রাখা হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ সারোয়ার উদ্দিন আহমেদকে।
এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ রেলওয়ে থেকে কমিটির সদস্য করা হবে বলে জানান বিভাগীয় কমিশনার।
কমিটির গত বছরের সভার সিদ্ধান্ত অনুসারে ঝুঁকিপর্ণ পাহাড়ে বসবাস করা বাড়ি-ঘর ও দোকান থেকে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের নির্দেশ দেন তিনি।
সভায় বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “যে সকল ঝুঁকিপূর্ণ পাহাড়ের বসতিতে অবৈধ গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ আছে, তা বিচ্ছিন্ন করে (এক মাসের মধ্যে যে কোন দিন) আগামী সভায় এর প্রতিবেদন দিতে হবে।”
পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এএইচএম হুমায়ুন কবির জানান, ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে এরই মধ্যে নগরীর আমবাগানের দিগন্ত ক্লাব মাঠে ৯০টি পরিবারকে নিরাপদ স্থানে তাবুতে আনা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা এ সব তাবুতে শুক্রবার আরো ৭১ পরিবারকে নিরাপদে আনা হবে।
গত ২০০৭ সালে পাহাড় ধসে ১২৭ জন নিহত হওয়ার পর ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন ও সহায়তা করতে আর্থিক সহায়তা তহবিল গঠন করা হয়েছিল।
এ তহবিলে থাকা ৭৩ লাখ টাকা ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের পুনর্বাসনে ব্যয় করা হবে বলে সভায় জানান বিভাগীয় কমিশনার।
