ব্যানার, পোস্টার ছিঁড়ে নেয়ার অভিযোগ লিটনের
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মহাজোটের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন তার নির্বাচনী ব্যানার-ফেস্টুন-পোস্টার ছিঁড়ে নেয়ার অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার আদালত চত্বরে গণসংযোগকালে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ জানিয়ে সকলকেই নির্বাচনী পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন।
তিনি বলেন, “নির্বাচনের এ পর্যায়ে এসে লক্ষ্য করছি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের কর্মী-সমর্থকরা গভীর রাতে তাদের ক্যাম্প থেকে বের হয়ে আমার ডিসপ্লে বোর্ড, ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলছে, তুলে নিয়ে চলে যাচ্ছে।”
এ নিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেয়া হয়েছে জানিয়ে সাবেক এই মেয়র বলেন, জানি না এ ব্যাপারে কখন ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, শুক্রবার রাজশাহীবাসীর জন্য আনন্দের দিন। দীর্ঘ প্রতিক্ষার পর এদিন রাজশাহীর বাসা- বাড়িতে গ্যাস সংযোগ দেয়া শুরু হবে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তাজুল ইসলাম মোহাম্মাদ ফারুক, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আসলাম সরকার, সরকারি আইনজীবী (পিপি) ইব্রাহীম হোসেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিকু, মহানগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, তাহেরপুর পৌর সভার মেয়র আবুল কালাম আজাদ, বাগমরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু প্রমূখ।
