ফরিদপুরে ভূয়া চিকিৎসককে দণ্ড
ফরিদপুরে এক ভূয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাত ৮টার দিকে ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এস এম শাহীনের ভ্রাম্যমাণ আদালত জাল সনদপত্র দিয়ে চাকুরির অভিযোগে সূর্যের হাসি ক্লিনিকের চিকিৎসক রাকিব হাসানকে (৩২) এ অর্থদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাকিব হাসান ঢাকা ও কলকাতা মেডিকেল কলেজের ২০০১ সালের সনদ দেখিয়ে ফরিদপুর শহরের আলীপুর এলাকার সূর্যের হাসি ক্লিনিকে মেডিকেল কর্মকর্তা হিসেবে চাকুরি নেয়। একই ব্যক্তি একই বছর দুইটি প্রতিষ্ঠান থেকে কী করে পাস করেন- এ অভিযোগে তার চিকিৎসক সনদপত্র ভূয়া বলে প্রমাণিত হয়।
পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাহীন জানান, ভূয়া চিকিৎসক রাকিব হাসানকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেল্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ অনুচ্ছেদের তিন ও এক ধারায় দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়
পরে রাকিব হাসান এক লাখ টাকা দিয়ে মুক্তি পেয়েছে বলেও তিনি জানান।
