টাঙ্গাইল পলিটেকনিকে পরিবহন শ্রমিকদের তাণ্ডব
এক শ্রমিককে মারধরের জেরে টাঙ্গাইল পলিটেকনিক ইন্সস্টিটিউটে পরিবহন শ্রমিকরা তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছে পুলিশ।
এ সময় শ্রমিকরা পলিটেকনিক ইনস্টিটিউট ভাংচুর করে এবং শিক্ষকদের মারধর করে। এতে আহত ৩ ছাত্র ও ২ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর পরিবহন শ্রমিকরা টাঙ্গাইলের সঙ্গে সকল অভ্যন্তরীণ পথে যান চলাচল বন্ধ করে দেয়। পরে বিকালে সমঝোতা বৈঠকের পর পুনরায় যান চলাচল শুরু হয়েছে।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি চিত্তরঞ্জন সরকার অভিযোগ করেন, সকাল সাড়ে ১০টার দিকে একটি মিনিবাস গোপালপুরের ঝাওয়াইল থেকে টাঙ্গাইল আসার সময় পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে কয়েকজন ছাত্র বাসে উঠে সুপারভাইজার লিটন ও অপর একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
এ সংবাদ টার্মিনালে পৌঁছলে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তবে পলিটেকনিক ইনস্টিটিউটে হামলা ও ভাংচুরের কথা অস্বীকার করেন চিত্তরঞ্জন সরকার।
পলিটেকনিক ছাত্রের হাতে শ্রমিক মারধরের কোন সুযোগ নেই উল্লেখ করে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক আমান উল্লাহ খান জানান, ইনস্টিটিউট বন্ধ রয়েছে। তাই ছাত্রদের শ্রমিকদের ওপর হামলার প্রশ্নই ওঠে না। বহিরাগত কেউ তাদের ওপর হামলা চালাতে পারে।
“প্রায় ৬/৭ শ’ শ্রমিক লাঠিসোটা নিয়ে এসে প্রশাসনিক ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এতে ভবনের প্রায় সব দরজা-জানালার কাচ ভেঙ্গে যায়।”
শ্রমিকরা অধ্যক্ষ মোজাহার হোসেন, শিক্ষক মোহাম্মদ আলী মিয়া, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, এমদাদুল ইসলাম, এনায়েত করিম, মনিরুজ্জামানসহ তাকেও ব্যাপক মারধর করে বলে অভিযোগ করেন শিক্ষক আমান উল্লাহ খান।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, ছাত্র সোহেল, মেহেদী ও এরশাদকে ভর্তি করা হয়। পরে মেহেদীকে ঢাকায় স্থানান্তর করা হয়।
টাঙ্গাইল মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র ও পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়। পরে শ্রমিকরা পলিটেকনিকে প্রশাসনিক ভবনে ভাংচুর করে।
ওসি জানান, বিকেলে বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে শ্রমিকদের বৈঠক হয় ।
বৈঠকে পলিটেকনিকের সামনের স্পিডব্রেকার অপসারণ, বাসের সুপারভাইজারের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে বিকাল ৪টায় বাস ধর্মঘট তুলে নিয়েছেন শ্রমিকরা।
বৈঠকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মহিউদ্দিন খাঁ, অতিরিক্ত পুলিশ সুপার মো. হেদায়েতুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের সভাপতি চিত্তরঞ্জন সরকারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
