চট্টগ্রামে বিশেষজ্ঞ চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার
অস্ত্রোপচারের পর রোগীর শরীরে সুই রেখে সেলাই দেয়ার মামলায় কারাবন্দি চিকিৎসককে জামিন দেয়ার পর ধর্মঘট প্রত্যাহার করেছেন চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমান আগামী ১০ জুন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সুরমান আলীর জামিনের আদেশ দেন।
একইসঙ্গে রোগীদের চিকিৎসাসেবা দেয়ার সময় তাকে সতর্ক থাকারও নির্দেশ দেন বিচারক।
সুরমান আলীর জামিনের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রামের সভাপতি ডা. মুজিবুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রোগীদেরে দুর্ভোগের কথা বিবেচনা করে তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন।
গত বছরের ৩০ মে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিনুল ইসলামের মলদ্বারে অস্ত্রোপচারের পর তার শরীরে সুচ রেখে সেলাই দেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় গত সোমবার ডা. সুরমান আলীকে কারাগারে পাঠায় আদালত।
এর প্রতিবাদে মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং চট্টগ্রামের চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বার ও প্রাইভেট ক্লিনিকগুলোতে অনির্দিষ্টকালের জন্য চিকিৎসাসেবা বন্ধের ঘোষণা দেন।
অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ হয়ে পড়া আমিনুল গত জানুয়ারি মাসে ভারতে গিয়ে অপারেশনের মাধ্যমে মলদ্বার থেকে সুচটি বের করেন। এই ঘটনায় সুরমান আলীসহ দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়। গত ৩০মে এ মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
এ ঘটনায় অভিযুক্ত অপর চিকিৎসকও জামিনে রয়েছেন।
