২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা আসলাম কারাগারে, চট্টগ্রামে বিক্ষোভ

ভাংচুরের মামলায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে সীতাকুণ্ডের কয়েকটি স্থানে সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 09:23 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া বৃহস্পতিবার আসলামের জামিন আবেদন নাকচ করে বিশেষ ক্ষমতা আইনে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা দুপুর ১টার দিকে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্তত চারটি স্থানে অবরোধ দিয়ে কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে জানান সীতাকুণ্ড থানার ওসি সামিউল আলম।

তিনি বলেন, পুলিশ গিয়ে বিক্ষুব্ধদের সরিয়ে দিলে দুপুর ২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম জানান, ৭ এপ্রিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি এলাকায় যানবাহন ভাংচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় গত ১৬ এপ্রিল উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নেন আসলাম চৌধুরী।

ওই জামিন আদেশের মেয়াদ শেষে ১২ মে আসলাম চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালত বৃহস্পতিবার শুনানির দিন রাখেন।

আসলাম চৌধুরীর বাড়ি সীতাকুণ্ডে। তিনি সীতাকুণ্ড সংসদীয় আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।