ক্ষতিগ্রস্তদের পরিবারভিত্তিক সহায়তা: প্রধানমন্ত্রী
সাভারে ভবন ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে পরিবারভিত্তিক সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রতিটি পরিবারের খবর নিয়েই পরিবারভিত্তিক সাহায্য দিচ্ছি। যেনো তারা নিজের পায়ে দাঁড়াতে পারে।”
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রওশন জাহান সাথীর প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, জেলা প্রশাসকের কাছ থেকে পাওয়া তালিকা অনুযায়ী চার পর্যায়ে ৫৫৫ জন নিহত ব্যক্তির পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মোট ছয় কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা দেয়া হয়েছে।
পর্যায়ক্রমে অবশিষ্ট নিহতদের পরিবারকেও একইভাবে সাহায্য দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।
গত ২৪ এপ্রিল সাভারের নয় তলা ভবন রানা প্লাজা ধসে মোট এক হাজার ১৩০ জনের মৃত্যু হয়েছে। গত ১৩ মে ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান শেষ হয়।
শেখ হাসিনা বলেন, “স্বাভাবিক ও সচ্ছল জীবন-যাপনের জন্য পঙ্গুত্ববরণকারী ২৪ ব্যক্তিকে আজীবন ‘পারিবারিক সঞ্চয়পত্র’ চালুর লক্ষ্যে দুই কোটি ৬৫ লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে।”
“সাভারের ২২টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ও ডায়াগনস্টিক সেন্টারে আহত রোগীদের চিকিৎসা খরচ বাবদ মোট এক কোটি ৪২ লাখ ১৪ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।”
প্রধানমন্ত্রী জানান, সাভারে ভবন ধসে যাদের অঙ্গহানি হয়েছে, তাদের কৃত্রিম অঙ্গ দেয়ার জন্য থাইল্যান্ড এবং ভারতের কাছ থেকে পাওয়া প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের তৈরি পণ্যের বাজার সৃষ্টি করতে সরকার প্রতিনিয়ত উদ্যোগ নিচ্ছে।
সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী গার্মেন্টস সেক্টরে বর্তমান সরকারের সফলতা তুলে ধরে বলেন, “গার্মেন্টস শিল্প সেক্টরে নিম্নতম মজুরি এক হাজার ৬৬২ টাকা থেকে বৃদ্ধি করে ৩ হাজার টাকা করা হয়েছে, যা ২০১০ সালে ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।”
এছাড়া গার্মেন্ট খাত স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে ১১ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠনের কথা জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা জানান, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউসিয়া এলাকায় একটি গার্মেন্টস শিল্প পার্ক স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে।
প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা
এদিকে ভবন ধসে নিহত আরো ১৬৭ শ্রমিকের পরিবারকে বুধবার আর্থিক সহায়তার চেক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্ত ৪৫২ পরিবারগুলো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়েছে।
প্রধানমন্ত্রী গুরুতরভাবে আহত চার গার্মেন্ট শ্রমিককে হুইল চেয়ার দিয়েছেন। আহত শ্রমিকরা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে তাদের আঘাতের ব্যাপকতা অনুযায়ী ১০ থেকে ১৫ লাখ টাকা পাবেন।
খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, বিজেএমইএ সভাপতি আতিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে আরো প্রতিষ্ঠান ও ব্যক্তি সাভার ভবন ধসে আহত এবং নিহতদের পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেছে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দান করেন।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি কাজী এম নজিবুল্লাহ হীরা ও সাধারণ সম্পাদক মো. খোরশেদ মিয়া আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কাছে সমিতির ২২ হাজার সদস্যের অনুদানের চেক হস্তান্তর করেন।
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন প্রধানমন্ত্রীর কাছে এসোসিয়েশনের একটি চেক হস্তান্তর করেন।
আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, আবদুল সালাম চৌধুরী, মাহমুদুন নবী বাকি, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, প্লাস্টিক সামগ্রী প্রস্তুতকারক সমিতি, মিরপুর বঙ্গবন্ধু কলেজ ও বগুড়া আওয়ামী লীগের আনছার আলী মৃধাও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জন্য চেক শেখ হাসিনার হাতে তুলে দেন।
