২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়গঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 09:38 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

বুধবার উপজেলার চান্দাইকোনা পূর্বপাড়া থেকে শিউলী মোহন্তর (২৭) লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শিউলি ওই গ্রামের মিঠু মোহন্তের স্ত্রী। এ ঘটনার পর পুলিশ মিঠুর বাবা বীরেণ চন্দ্র মোহন্ত (৬০) ও মা অঞ্জলী রানী মোহন্তকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মিঠু পলাতক।

শিউলির মা মিনতী রানী মোহন্ত  জানান, ১০ বছর আগে মিঠু ও শিউলির বিয়ে হয়। সম্প্রতি অন্য মেয়ের সঙ্গে পরকীয়ার সর্ম্পক গড়ে উঠায় মিঠু প্রায়ই তার মেয়েকে মারপিট করতো এবং যৌতুক দাবি করে আসছিল। এ বিষয় নিয়ে এলাকায় একাধিকবার শালিস বৈঠকও হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, “এর জেরে মঙ্গলবার গভীর রাতে স্বামীর পরিবারের লোকেরা মারপিট করে শিউলিকে হত্যা করে নিজ ঘরে ঝুলিয়ে রেখে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করে।”

রায়গঞ্জ থানার ওসি আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শিউলির বাবা মাধব চন্দ্র মোহন্ত বাদী হয়ে স্বামী, শ্বশুর ও শাশুড়ীর নামে হত্যা মামলা করেছেন।