পাবনায় উত্ত্যক্তকারী যুবক দণ্ডিত
পাবনায় এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সেই সঙ্গে পাঁচশত টাকা জরিমানা অনাদায়ে দণ্ডিতকে আরো ১৫ দিন কারাভোগ করতে হবে।
বুধবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার এ আদেশ দেন।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে শহরের রাজাপুরে যুব উন্নয়ন প্রশিক্ষণ ইনিস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
দণ্ডিত রাজিব হোসেন (২০) ওই এলাকার তায়জাল হোসেনের ছেলে।
ওসি হানিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজিব মেয়েটিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করেছে। এ অভিযোগ পেয়ে পুলিশ রাজিবকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
বিচার শেষে রাজিবকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
