দেশের প্রথম জাতীয় বাঁশ উদ্যানের যাত্রা শুরু সিলেটে
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশি-বিদেশি ২৪টি জাতের বাঁশের চারা রোপনের মধ্য দিয়ে সিলেটে যাত্রা শুরু হয়েছে দেশের প্রথম জাতীয় বাঁশ উদ্যান (ন্যাশনাল ব্যাম্বু পার্ক)।
শহরতলীর বিমানবন্দর এলাকায় ফরেস্ট স্কুল অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউট (এফএসটিআই) চত্বরে তিন একর টিলা জায়গায় এ উদ্যানে পাওয়া যাবে প্রায় দুর্লভ ও বিপন্ন হয়ে পড়া নানা জাত আর বাহারি নামের বাঁশের সন্ধান। এখানে দেশি-বিদেশি জাতের সাতশ’ চারা লাগানো হয়েছে।
বৃহস্পতিবার প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে বিভাগীয় বন কর্মকর্তা জানান।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আবুল বাশার মিয়া জানান, ‘জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকো-ট্যুরিজম উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ উদ্যান জাতীয় পর্যায়ের প্রথম কোনো উদ্যোগ।
সিলেট অঞ্চলে পাহাড়-টিলা-বনের প্রাকৃতিক সমৃদ্ধির ফলে বাঁশের ব্যাপক উৎপাদন রয়েছে। কিন্তু সুষ্ঠু তদারকি না থাকায় নানা নাম আর জাতের বাঁশ ক্রমে বিলুপ্ত হয়ে পড়ছে। এ বিলুপ্তি ঠেকাতে ও বাঁশের উৎপাদন জনপ্রিয় করতে সিলেট বন বিভাগের তত্ত্বাবধানে চলতি অর্থ বছরের একটি প্রস্তাবিত প্রকল্পের বাস্তবায়ন রূপ হচ্ছে জাতীয় বাঁশ উদ্যান।
সিলেট বিমানবন্দর সড়কের পাশে পর্যটন মোটেলের বিপরীত দিকে ৩০ একর জায়গায় বন বিভাগের ফরেস্ট স্কুল অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউট।
সুবিশাল এ প্রতিষ্ঠান চত্বরের পরিত্যক্ত দুটো টিলা ও সমতল ভুমির প্রায় তিন একর জায়গা এ উদ্যান হিসেবে ব্যবহৃত হচ্ছে।
উদ্যানের প্রবেশমুখে প্রধান ফটকে জাতীয় বাঁশ উদ্যানের সাইনবোর্ডে বাঁশের জাত, নাম ও উদ্যানের তথ্যাদি উপস্থাপন করা হয়েছে।
উদ্যানের প্রথম ভাগে রয়েছে সোনালীসহ দুর্লভ সব জাতের বাঁশ। ‘কলসি’ নামে এক প্রজাতির বাঁশ রয়েছে যেগুলোর বেড়ে ওঠা বৈচিত্র্যময়।
কলসির পাশাপাশি রয়েছে বোতল, কালী, রঙ্গন, কঞ্চি, মৃতিঙ্গা, টেংগা, বরুয়া, বুদুম বেতুয়াসহ সিলেট অঞ্চলে প্রসিদ্ধ ২৪ জাতের বাঁশ।
বন কর্মকর্তা আবুল বাশার মিয়া আরো বলেন, সিলেট বৃষ্টিপ্রবন হওয়ায় পরিবেশগত কারণে বাংলাদেশের মধ্যে এখানে বাঁশের উৎপাদন বেশি হয়।
তিনি জানান, বাঁশের উদ্যানে অন্তত শতাধিক দেশি-বিদেশি বাঁশের জাত সংগ্রহ করে আরও সমৃদ্ধ করা হবে।
