২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিটনের ইশতাহার ঘোষণা, অস্ত্র উদ্ধার দাবি বিএনপির

শিল্পায়ন ও কর্মস্থান সৃষ্টিকে প্রধান্য দিয়ে নির্বাচনী ইশতাহার ঘোষণা করেছেন রাজশাহীর নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 03:36 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

এদিকে অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচন মনিটরিং কমিটির সমন্বয়ক হারুন অর রশিদ।

মঙ্গলবার পৃথক সংবাদ সম্মেলন করে তারা এসব ব্যাপারে কথা বলেন।

দুপুরে নগরীর নানকিং দরবার হলে সংবাদ সম্মেলন করে ৩৭ দফা নির্বাচনী ইশতাহার ঘোষণা করেন খায়রুজ্জামান লিটন।

তিনি বলেন, গত নির্বাচনে দেয়া ২৩ দফা ইশতাহারের মধ্যে রাজশাহীতে শিল্পায়নের প্রতিশ্রুতি পূরণ করা যায়নি। কারণ শিল্পায়নের জন্য গ্যাস ও বিদ্যুৎ প্রয়োজন, সেটার সমস্যা ছিল।

“তবে গত সাড়ে চার বছরে এ সমস্যার সমাধান করেছি। রাজশাহীতে গ্যাস নিয়ে এসেছি। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করে বিদ্যুতের উৎপাদন বাড়িয়েছি। রাজশাহীতে শিল্প জোন করার যে প্রস্তাব দিয়েছিলাম তা অনুমোদনের অপেক্ষায় রয়েছে,” বলেন লিটন।

আরেকবার নির্বাচিত হলে রাজশাহীতে শিল্পকারখানা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, শাহরিয়ার আলম, রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমান, নাগরিক কমিটির সভাপতি ভাষা সৈনিক আবুল হোসেন প্রমুখ।

এদিকে লিটনের বিরুদ্ধে নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহারের অভিযোগ তুলে দ্রুত অস্ত্র উদ্ধার অভিযান চালানোর দাবি জানিয়েছেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও দলের পক্ষে নির্বাচন মনিটরিং কমিটির সমন্বয়ক হারুন অর রশিদ।

সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে অপপ্রচারেরও প্রতিবাদ করেন তিনি।

হারুন অর রশিদ বলেন, ইতোমধ্যেই এ নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার শুরু হয়েছে।

ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের দাবি জানান। তা না হলে এ নির্বাচন শান্তিপূর্ণ হবে না বলে দাবি করেন তিনি।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জাল হোসেন তপু, সম্মিলিত নাগরিক ফোরামের সভাপতি মাইনুল হোসেন পান্নাসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।