‘সিটি কর্পোরেশন নির্বাচনে বিজিবি মোতায়েন হচ্ছে’
চার সিটি কর্পোরেশন নির্বাচনে বিজিবি মোতায়েনের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
মঙ্গলবার বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার জানান, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পাশাপাশি বিজিবি স্ট্রাকিং ফোর্স হিসেবে কাজ করবে।
নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রার্থীরা একে অপর বিরুদ্ধে কালো টাকার ছড়াছড়ি, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে প্রভাব বিস্তার, পেশিশক্তি প্রয়োগ, হুমকি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।
এ সময় নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, প্রার্থীদের শঙ্কিত হওয়ার কারণ নেই। শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশন আন্তরিক।
কালো টাকা ছড়াছড়ির সু-স্পষ্ট প্রমাণ পেলে প্রার্থীতা বাতিল করা হবে। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাচনের দু’দিন আগে থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে, জানান তিনি।
ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে প্রার্থীদের নানা অভিযোগের প্রেক্ষিতে ইসি কর্মকর্তা বলেন, একজন ভোটারও যদি ইভিএম পদ্ধতিতে ভোট দিতে ব্যর্থ হন তাহলে এই পদ্ধতি বাতিল করা হবে।
ইভিএম পদ্ধতিতে ভোট হ্যাকিং করার সুযোগ নেই। তাই ফলাফল পাল্টে যাওয়ার প্রশ্নই থাকছে না, বলেন তিনি।
মতবিনিময় সভায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. নূরুল আমিন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন, জেলা প্রশাসক মো. শহীদুল আলম, র্যাব-৮’র অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো, মুজিবুর রহমান, তিন মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
