২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃক্ষরোপণে পুরস্কার পাচ্ছেন ২৭ জন

গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে এবার ২৭ জনকে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 08:55 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেবেন।

এছাড়া তিন জনকে জাতীয় পরিবেশ পদক, তিন জনকে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ করজারভেশন এবং সামাজিক বনায়নে সর্বোচ্চ আর্থিক সুবিধাপ্রাপ্ত দুই জনকে পুরস্কার দেয়া হবে।

পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ  মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, এবার বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভেবে চিন্তে খাই, অপচয় কমাই’। আর বাংলাদেশে ‘গাছ লাগিয়ে ভরবো এ দেশ, তৈরি করবো সুখের পরিবেশ’ প্রতিপাদ্য নিয়ে বৃক্ষরোপণ অভিযান পালিত হবে।

দিসবটি উপলক্ষে শোভাযাত্রা, পরিবেশ ও বৃক্ষমেলা, চিত্রাঙ্কন, রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

পরিবেশমন্ত্রী বলেন, বর্তমান সরকার পরিবেশ সংরক্ষণ আইনের মাধ্যমে আট শতাধিক প্রতিষ্ঠানকে ১১০ কোটি টাকা জরিমানা করে ৮০ কোটি টাকা আদায় করেছে।

পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট কার্যক্রমের আওতায় গত সোয়া চার বছরে ৮৪২টি মামলা হয়েছে। একই সময়ে ৬৪৫ দিন পলিথিনবিরোধী অভিযান চালিয়ে এক কোটি ৯৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর পলিথিন জব্দ করা হয়েছে দুই লাখ ৩৩ হাজার কেজি।

এছাড়া পরিবেশ দূষণের কারণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তিন হাজার ৮২৩টি নোটিস দেয়া হয়েছে। পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকায় ৭৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাঁচ কোটি ৭৫ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য্য করে তিন কোটি ৬১ হাজার টাকা আদায় করা হয়েছে।

হাছান মাহমুদ জানান, গত সোয়া চার বছরে জলাশয় ও নদী ভরাটের সঙ্গে জাড়িত থাকায় ৫৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে সাত কোটি ১০ লাখ টাকা আদায় করা হয়েছে।

একই সময়ে ৫৭৪টি দূষণকারী প্রতিষ্ঠান/কারখানার বিরুদ্ধে মামলা হয়েছে। ইটভাটায় সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণে দূষণকারী ১৯৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে চার কোটি ৩২ লাখ টাকা আদায় করা হয়েছে।

মন্ত্রী বলেন, বিগত সরকারের সময় বুড়িগঙ্গায় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ শূন্য শতাংশ থাকলেও বর্তমানে সেখানে শূন্য দশমিক ৫ শতাংশ থেকে দুই শতাংশ পর্যন্ত দ্রবীভূত অক্সিজেন পাওয়া যাচ্ছে।

রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পরিবেশের ক্ষতির যে আশঙ্কা করা হচ্ছে সে বিষয়ে পরিবেশমন্ত্রী বলেন, এক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে সুন্দরবনের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম।

তিনি বলেন, “সেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে কি না তা দেখতে হবে। পরিবেশ অধিদপ্তর বিষয়টি দেখছে, এখনো তারা ছাড়পত্র দেয়নি।”

মন্ত্রী বলেন, দেশের ২৭ থেকে ২৮ শাতংশ মানুষ শহরে বাস করছে। দেশে নগরায়ন ঘটছে। এ প্রেক্ষাপটে পরিবেশ রক্ষা কঠিন কাজ।

ঘূর্ণিঝড় আইলায় সুন্দরবনের ক্ষতি হওয়ায় সেখান থেকে মধু ও গোলপাতা ছাড়া অন্য কোনো বনজ সম্পদ সংগ্রহ করা হচ্ছে না বলেও জানান পরিবেশমন্ত্রী।