২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হরতাল ডেকে মাঠে নেই শিবির

নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির দক্ষিণ চট্টগ্রামে আধাবেলা হরতালের ডাক দিলেও তাদের কোনো তৎপরতা দেখা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 07:11 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

মঙ্গলবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও তার সমর্থনে কোনো ধরনের কর্মকাণ্ডের খবর পাওয়া যায়নি। দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলও রয়েছে অন্যদিনের মতো।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সভাপতি তারেক হোসাইনকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ছাত্র শিবির।

পটিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পটিয়া, বোয়ালখালী ও আনোয়ারা উপজেলায় হরতালের সমর্থনে কেউ রাস্তায় বের হয়নি। কোনো ধরনের পিকেটিংও হয়নি।

তিনি বলেন,  জনজীবন পুরোপুরি স্বাভাবিক আছে। গাড়ি চলাচলও করছে অন্য দিনের মতো। তবে কক্সবাজার ও বান্দরবানের গাড়ি চলাচল কিছুটা কম।

এদিকে, সাতকানিয়া জোনের এএসপি এমরান ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নামেমাত্র হরতাল চলছে। কোনো ধরনের পিকেটিং হয়নি। স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে। দোকানপাটও খোলা রয়েছে।

দক্ষিণ চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার ও বান্দরবানেও এদিন আধাবেলা হরতাল ডাকে ছাত্র শিবির।