পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই ‘ডাকাত’ নিহত
চট্টগ্রামের পাহাড়তলীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই সন্দেহভাজন ডাকাত সদস্য নিহত হয়েছেন।
এরা হলেন- মো. সেলিম (২৩) ও মো. মানিক (২২)। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ।
আহত অন্যরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলীম এবং ডাকাত দলের সদস্য লিয়াকত ও হাসান। এদের মধ্যে লিয়াকত ও হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই নূরুল বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বেলালকে ধরতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অস্ত্রসহ আরো আট ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিনটি বড় ছোরা, একটি কাটার, দুটি এক নলা বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, নগরীর সিটি গেইটের অদূরে কালীর হাট পরশি মেম্বার বাড়ি এলাকায় বেলাল ও তার বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের এক সদস্য গুলি করতে উদ্যত হলে এক পুলিশ তাকে ঝাপটে ধরে।
ডাকাত দলের সদস্যরা গুলি করতে না পেরে ছুরি দিয়ে পুলিশকে আঘাত করে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে চার ডাকাত ও দুই পুলিশ সদস্য আহত হয়।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেলিম ও মানিককে মৃত ঘোষণা করেন।
এসআই নূরুল ইসলাম জানান, গ্রেপ্তারদের মধ্যে ডাকাত সর্দার বেলালও রয়েছে। তাদের ছয়জনকে থানা হাজতে রাখা হয়েছে।
