আশরাফ-মাঈনুদ্দীনের অভিযোগ গঠন ১৬ জুন
একাত্তরে বুদ্ধিজীবী হত্যার আসামি আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনুদ্দীনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৬ জুন দিন রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
চৌধুরী মাঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান
এর আগে গত ২৭ মে একাত্তরের এ দুই আল বদর নেতাকে পলাতক দেখিয়ে তাদের অনুপস্থিতিতেই বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। আশরাফুজ্জামান ও মাঈনুদ্দীনের পক্ষে মামলা লড়ার জন্য ট্রাইব্যুনালের পক্ষ থেকে আব্দুস শুকুর খান ও সালমা হাই টুনিকে আইনজীবী নিয়োগ দেয়া হয়।
এদের মধ্যে আব্দুস শুকুর খান এর আগে ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসাবে কাজ করেন। আর সালমা হাই টুনি এখনো সালাহউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী হিসাবে কাজ করছেন।
আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনুদ্দীনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গত ২ মে তাদের গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারির আদেশ দেয় ট্রাইব্যুনাল। পুলিশ তাদের না পাওয়ায় ট্রাইব্যুনালের আদেশ অনুসারে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হতে বলা হয়।
তারপরও তারা হাজির না হওয়ায় বিদেশে অবস্থানরত এই দুই ব্যক্তিকে পলাতক দেখিয়ে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন।
আশরাফুজ্জামান বর্তমানে যুক্তরাষ্ট্রে এবং চৌধুরী মাঈনুদ্দীন যুক্তরাজ্যে রয়েছেন।
গত ২৫ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর ২৮ এপ্রিল আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনুদ্দীনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল।
আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, আশরাফুজ্জামান খান ছিলেন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ‘দায়িত্বপ্রাপ্ত’ আলবদর বাহিনীর ‘চিফ এক্সিকিউটর’। আর চৌধুরী মাঈনুদ্দীন ছিলেন তার ‘অপারেশন ইনচার্জ’।
তারা দুজনেই জামায়াতে ইসলামীর তখনকার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসংঘের সদস্য ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ‘সক্রিয় অবস্থান’ নেন।
পলাতক আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনুদ্দীনের বিরুদ্ধে ১৯৭১ সালের ১০ থেকে ১৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয় জন শিক্ষক, ছয় জন সাংবাদিক ও তিনজন চিকিৎসকসহ ১৮ বুদ্ধিজীবীকে অপহরণের পর নির্যাতন করে হত্যার অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে ৫ ধরনের মানবতাবিরোধী অপরাধের মোট ১৬টি অভিযোগ রয়েছে।
আশরাফুজ্জামানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের বেজড়া ভাটরা (চিলেরপাড়) গ্রামে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তা মো. শাহজাহান কবীর।
আর চৌধুরী মাঈনুদ্দীনের বাড়ি ফেনীর দাগনভুঞার চানপুরে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত করেন মো. আতাউর রহমান।
