‘পরীক্ষা দিয়েই ভর্তি হতে হবে নটরডেমে’
পরীক্ষা বাদ দিয়ে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম নটরডেম কলেজের ক্ষেত্রে ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
পাশাপাশি এবিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছে আদালত।
রোববার এবিষয়ে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে অন্তর্বর্তীকালীন এই আদেশ দেয় বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. হাবিবুল গনির বেঞ্চ।
এই আদেশের ফলে নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছেন উভয়পক্ষের আইনজীবীরা।
চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শককে রুলের জবাব দিতে বলেছে আদালত।
শরীফ ভুইঁয়া ও মইন গণিকে সঙ্গে নিয়ে আদালতে রিটের পক্ষে শুনানি করেন এম জহির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
পরে শরীফ ভুঁইয়া সাংবাদিকদের বলেন, আদালত নটরডেম কলেজের ক্ষেত্রে ওই নীতিমালার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। ফলে কলেজ কর্তৃপক্ষ নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষার মাধ্যমে উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী ভর্তি করতে পারবে।
গত ১৬ই মে কলেজে ভর্তিবিষয়ক একটি নীতিমালা ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়, যাতে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে কলেজে শিক্ষার্থী ভর্তি করার নির্দেশনা দেয়া হয়।
গত ৩০ মে ওই নীতিমালা চ্যালেঞ্জ করে নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত রোজারিও হাই কোর্টে রিট করেন।
দেশের প্রায় সব প্রধান কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু করলেও এ বছর নটডরডেম কলেজ কর্তৃপক্ষ এখনো ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।
