২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে ১৯৫ কোটি টাকা পাচ্ছে সংসদ

আগামী অর্থবছরে জাতীয় সংসদের জন্য ১৯৫ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে সংসদ কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 11:20 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

রোববার জাতীয় সংসদ ভবনে কমিশনের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবীর সাংবাদিকদের জানান, চলতি ২০১২-১৩ অর্থবছরের বাজেটে জাতীয় সংসদের জন্য ১৭৭ কোটি শুন্য ২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছিল। পরে তা সংশোধন করে ১৭৯ কোটি ২৯ লাখ টাকা করা হয়।

জাতীয় সংসদ সচিবালয় কমিশন আইন অনুযায়ী কমিশন প্রতি বছর জাতীয় সংসদের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়। সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা নির্ধারণ, কোনো পদ সৃষ্টি বা বিলোপের মতো বিষয়ে পরামর্শও দিয়ে থাকে কমিশন।

কমিশনের চেয়ারম্যান স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, হুইপ আসম ফিরোজ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি রোববারের বৈঠকে অংশ নেন।

সংসদ সচিব মো. মাহফুজুর রহমানও এ সময় উপস্থিত ছিলেন।

আসিফ কবীর জানান, সংসদ ভবন সংরক্ষণে মূল নকশার সঙ্গে সাংঘর্ষিক হয় এমন কিছু না করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে প্রয়োজনে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার পরামর্শও দিয়েছেন তিনি।

“জাতীয় সংসদ ভবনকে অনন্য স্থাপত্য অভিহিত করে এর সংরক্ষণে প্রধানমন্ত্রী যত্নবান হতে বলেছেন।”

এ বৈঠকে সংসদের বাজেট অনুমোদন, নিয়োগ বিধিমালা সংশোধন, জনবল বৃদ্ধি এবং আপ্যায়ন ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে আসিফ জানান।