পঞ্চগড়ে ন্যাশনাল সার্ভিসে ৮৮৩ জনের চাকরি
“মৌসুমি কাজ-কর্ম করে আগে কোনমতে সংসার চালাতাম। আজ খেলে কাল কী খাব সে দুশ্চিন্তা ছিল নিত্যসঙ্গী। এখন অন্তত দুই বছর সেই দুশ্চিন্তা থাকবে না।”
পঞ্চগড় সদরে ন্যাশনাল সার্ভিসের আওতায় চাকরির নিয়োগপত্র হাতে নিয়ে এভাবেই নিজের অনুভূতির কথা তুলে ধরেন শহরের মিঠাপুকুর মহল্লার আব্দুর রশিদ (৩০)।
তিনি ন্যাশনাল সার্ভিসের আওতায় প্রশিক্ষণ নিয়ে সদর আধুনিক হাসপাতালে যোগদান করেছেন।
রশিদ বলেন, “মনোযোগ দিয়ে এ কাজটি করতে চাই এবং ভবিষ্যতে এটাকেই পেশা হিসেবে বেছে নিতে চাই। আমার বিশ্বাস, সংসার চালানো নিয়ে হয়তো দুশ্চিন্তা করতে হবে না।”
পঞ্চগড় সদর উপজেলায় রশিদের মতো এমন ৮৮৩ জন শিক্ষিত বেকার যুবকের হাতে রোববার নিয়োগপত্র তুলে দেয়া হয়।
দুপুরে সদর উপজেলা কমপ্লেক্সে স্থানীয় সংসদ সদস্য মজাহারুল হক প্রধান তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ কবীর, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার ইমাম উপস্থিত ছিলেন।
গৃহবধু শাহীনা আকতারও (২৮) এ কর্মসূচির আওতায় চাকরি পেয়েছেন। তার নিয়োগ হয়েছে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে।
শাহীনা বলেন, স্বামীর নির্যাতনে অনেক আগেই সংসার ছেড়েছি। এখন অন্তত নিজের প্রয়োজনীয় খরচটুকু নিজেই জোগাতে পারব। কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।
শিল্পী নামে এক তরুণী জানান, তিনি পড়ালেখা শেষ করে চাকরির জন্য কয়েক বছর ধরে অপেক্ষায় ছিলেন। ন্যাশনাল সার্ভিস তার মতো অনেকের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।
যুব উন্নয়ন অধিদপ্তর জানায়, সদর ন্যাশনাল সার্ভিসের আওতায় উপজেলার বাসিন্দাদের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে ২৬৪ জন, অফিস সহকারি ও বিভিন্ন সেবাখাতে ২৫৭ জন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষক হিসেবে ১৬১ জন, কৃষি বন ও পরিবেশ খাতে ১০১ জন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাখাতে ১০০ জন প্রশিক্ষণ নিয়েছেন।
তিন মাস প্রশিক্ষণকালে প্রতি কর্মদিবসে প্রশিক্ষণার্থীরা একশ’ টাকা করে পেয়েছেন। দুই বছর চাকরিকালে প্রতি মাসে ৬ হাজার টাকা করে বেতন পাবেন।
বেতনের সেই টাকা থেকে প্রত্যেকের ব্যাংক হিসেবে ২ হাজার টাকা রেখে দেয়া হবে। মেয়াদ শেষে মোট ৪৮ হাজার টাকা একসঙ্গে দেয়া হবে, যাতে পরবর্তীতে তারা নিজেদের উদ্যোগে স্বাবলম্বী হতে পারেন।
এজন্য প্রয়োজনে যুব উন্নয়ন কার্যালয় বা অন্য কোন সংস্থা থেকে আরো কিছু টাকা ঋণও তারা নিতে পারবে বলে জানান যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, এরা এখন প্রশিক্ষিত ও যোগ্য মানবসম্পদ। এদের শক্তিকে কাজে লাগাতে হবে
