চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে গুলির হুমকি দেয়ার অভিযোগ
চট্টগ্রামের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরের পর গুলি করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত পটিয়া থানার এসআই কুতুব উদ্দিন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এ হুমকি দেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী নিবন্ধক সালাউদ্দিন শাহরিয়ার।
শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার খরণা এলাকায় এ ঘটনা ঘটে।
সালাউদ্দিন বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “শহর থেকে বিশ্ববিদ্যালয়ের চন্দনাইশ ক্যাম্পাসে যাওয়ার পথে খরণা এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় কক্সবাজারগামী ঈগল পরিবহণের একটি বাস।”
তিনি বলেন, “এসময় শিক্ষার্থীরা রাস্তায় নেমে এর প্রতিবাদ করে ঈগল পরিবহণের চালককে জিজ্ঞাসাবাদ করলে কুতুব উদ্দিন শিক্ষার্থীদের মারধর করেন এবং তাদের গুলি করারও হুমকি দেন।”
তবে কুতুব উদ্দিন এ অভিযোগ করে উল্টো শিক্ষার্থীরা বাসে আগুন দেয়ার হুমকি দিয়েছিল বলে দাবি করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখলে এক কিলোমিটার এলাকা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এসময় তারা উত্তেজিত হয়ে উঠলে এলাকাবাসীদেরও সঙ্গেও তাদের বাকবিতণ্ডা হয়।
এসআই কুতুব বলেন, “এসময় আমি শিক্ষার্থী ও এলাকাবাসীদের সড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করলে উভয় পক্ষের সাথে আমার ধাক্কাধাক্কি হয়।”
এবিষয়ে পটিয়া থানার ওসি মফিজউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসআই কুতুব উদ্দিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও গুলি করার হুমকি দেয়ার কথা জানিয়ে একটি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক মো. নুরুল হুদা সিকদার।”
তবে তিনিও ‘গুলি করার হুমকি দেয়া’র অভিযোগ অস্বীকার করে বলেন, “পরিস্থিতি সামাল দিতে আমরা অনেক সময় এমনিই ভয়তীতি দেখাই।”
তবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক রণজিৎ কুমার ধর ও রেজিস্টার অধ্যাপক মো. নুরুল হুদা সিকদারকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ওসি মো. খালেদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এসআই গুলি করার ভয় দেখাতে পারেন।
