ভোলায় বাঁধ ভেঙে ৪০ গ্রাম প্লাবিত
– বাঁধ ভেঙে যাওয়ায় ভোলার তিন উপজেলার অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে।
স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়। এরপর গত কয়েকদিনের অতিবৃষ্টিতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার হওয়ায় বাঁধগুলোর বিভিন্ন অংশ ভেঙে যায়।
এলাকায় গিয়ে দেখা গেছে, সদরের শহররক্ষা বাঁধের ধনিয়া পয়েন্টে ৫০ মিটার ও কাচিয়া পয়েন্টে ৬০ মিটার ভেঙে গেছে।
এছাড়া বোরহান উদ্দিন উপজেলা রক্ষা বাঁধটির বড় মানিকা এলাকায় ৩০ মিটার এবং পক্ষিয়া তজুমদ্দিন উপজেলা রক্ষা বাঁধটির গুড়িন্দা ও চাচড়া এলাকায় প্রায় ১০০ মিটার ভেঙে গেছে।
ফলে এই তিন উপজেলার ৪০টি গ্রামে জোয়ারের সময় পানি ঢুকে যাচ্ছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে।
এ ব্যাপারে ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো-১) নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেড়িবাঁধের ভেঙে যাওয়া অংশ মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। কিন্তু বৈরি আবহাওয়া ও জমি সমস্যার কারণে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।
