২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে থেমে নেই ভোটের প্রচারণা

মহাজোট ও ১৮ দলীয় জোটের দুই মেয়র পদপ্রার্থী  শুক্রবার বৃষ্টি মাথায় নিয়েই ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 12:31 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

সকালে নগরীর তালাইমারি বাজার থেকে প্রচারণা শুরু করেন মহাজোট প্রার্থী আওয়ামী লীগ নেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এরপর তিনি নগরীর কাজলা বউ বাজার, কেডি ক্লাব ও ধরমপুর আমজাদের মোড় এলাকায় গণসংযোগ করেন।

এ সময় লিটন বলেন, উদ্দেশ্যমূলকভাবে হেফাজতের কিছু নেতা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন।

তিনি এসব প্রচারণা বন্ধের দাবি জানান।

এ সময় সঙ্গে ছিলেন মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, ২৮নং (পূর্ব) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকসেদ আলী, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন আবদুল্লাহ, ২৮নং (পশ্চিম) ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।

অপরদিকে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল সকাল ৮টার দিকে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তার প্রচারণা শুরু করেন।

এরপর তিনি নগরীর স্টিমার ঘাট, ঘোষপাড়া, উৎসব হল এলাকা, পাঁচানীর মাঠ, মহলদার পাড়া, শহর রক্ষা বাঁধ এলাকা, টিকাপাড়া, সাগরপাড়া, ফুদকীপাড়াসহ রাসিকের ২২ ও ২৩নং ওয়ার্ডে গণসংযোগ করেন। পরে আলুপট্টির মোড়ে পথসভার মাধ্যমে গণসংযোগ শেষ করেন।

এ সময় মোসাদ্দেক হোসেন বুলবুল ভোটারদের উদ্দেশে বলেন, নগরবাসীর করের বোঝা যাতে ভারী না হয়, সেজন্য আগামী পাঁচ বছর কোনো কর বা ট্যাক্স বাড়ানো হবে না। নগরবাসীর ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়ার ব্যবস্থা করা হবে।

বুলবুলের সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু, মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাইনুল ইসলাম প্রমুখ।