২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মেসে ২ যুবক খুন

রাজধানীর শেওড়াপাড়ায় একটি মেসে দুই যুবক খুন হয়েছেন, যাদের শুক্রবার দুপুরের কোনো এক সময়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 11:36 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানিয়েছেন, শুক্রবার দুপুরে শামীম সরণির একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবুল বাশার (৩০) ও বেসরকারি গ্রিন বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্র রাজিব (২৮)। তাদের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তারা দুই জনই শামীম সরণির ৫৫২ নম্বর চার তলা বাড়ির তৃতীয় তলায় থাকতেন।

পুলিশ কর্মকর্তা বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার বেলা ১২টা থেকে দুপুর আড়াইটার মধ্যে কোনো এক সময় ওই দুজনকে হত্যা করা হয় বলে মনে হচ্ছে।”

হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে জানিয়ে শেরে বাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মারুফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই কক্ষে মোট সাতজন থাকতেন, তাদের মধ্যে দুইজন গ্রামের বাড়ি গেছেন বলে তারা জানতে পেরেছেন।

“তাদের সঙ্গে যোগোযোগের চেষ্টা করা হচ্ছে। ফারুক ও করিম নামে অপর দুই জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মিলন নামে ওই কক্ষে আরো একজন থাকতেন। তাকে পাওয়া যাচ্ছেনা। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।”

এদের বাইরে ওই বাসার কাজের মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

ওই কক্ষ থেকে কয়েকটি কম্পিউটার খোয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা মারুফ।