পটুয়াখালীতে টর্নেডো, দেড়শ’ ঘরবাড়ি বিধ্বস্ত
পটুয়াখালীর গলাচিপা ও কলাপাড়া উপজেলায় টর্নেডোর আঘাতে দেড় শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে।
তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে স্থানীয় প্রশাসন জানায়।
শুক্রবার বিকালে গলাচিপার ছোট কাজল গ্রাম এবং কলাপাড়ার নবীপুর ও ভুটাপাশা গ্রামে এ টর্নেডো আঘাত হানে।
ঘটনাস্থলে থাকা নীলগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুমার নামাজ শেষে নবীপুর গ্রামে টর্নেডো আঘাত হানে।
৮ থেকে ১০ মিনিট স্থায়ী টর্নেডোটি উত্তর দিকে অগ্রসর হয়ে পাশের ভুটাপাশা গ্রামে আঘাত করে ক্রমশ দুর্বল হয়ে পড়ে।
এ সময় নবীপুর ও ভুটাপাশা গ্রামের অন্তত ২৩টি কাঁচা ও আধাপাকা টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়, বলেন মাসুদ।
গলাচিপার চর কাজল ইউনিয়নের ছোট কাজল গ্রামে থাকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজমল হোসেন ফরাজী বলেন, ছোট কাজল গ্রামে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ২৫টি ঘর সম্পূর্ণ এবং ৮৫টি বসত ঘর আংশিক ভেঙে গেছে।
চর কাজল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদুর রহমান রুবেল শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
জেলা প্রসাশক অমিতাভ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করতে বলা হয়েছে।
ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে বলেও জানান জেলা প্রসাশক।
