মেয়র প্রার্থী মামুনকে যুবলীগ থেকে বহিষ্কারের ‘সুপারিশ’
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় মাহমুদুল হক খান মামুনকে যুবলীগ থেকে বহিষ্কারের সুপারিশ করেছে সংগঠনের মহানগর কমিটি।
কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল নগরীর হোটেল আলী ইন্টারন্যাশনালে মহানগর যুবলীগের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় হয়।
কেন্দ্রীয় যুবলীগের চেয়াম্যান ওমর ফারুক চৌধুরী ছাড়াও প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরন, আতাউর রহমান, যুগ্ম সম্পাদক সুব্রত পাল এ সভায় উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় মামুনের প্রার্থিতা নিয়ে আলোচনা হয় এবং তাকে সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানান স্থানীয় নেতারা।
“তাই মামুনকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”
সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে যুবলীগের যেসব নেতাকর্মী মামুনের নির্বাচনী প্রচারে সহযোগিতা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দেন কাজী আনিসুর রহমান।
