নাটোরের নিখোঁজ যুবকের লাশ মিললো পদ্মার চরে
নিখোঁজ হওয়ার দশদিন পরে নাটোরের এক যুবকের লাশ রাজশাহীর বাঘা উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে পুলিশ বাঘা উপজেলার সীমান্তবর্তী চাঁনপুর এলাকায় পদ্মা নদীর চর থেকে নিখোঁজ আব্দুল জব্বারের (২৫) লাশ উদ্ধার করে।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে লালপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, গত ২০ মে রাত আটটায় লালপুর উপজেলার বিলমাড়িয়ার জব্বার নিখোঁজ হন।
এরপর থেকে পুলিশ ও পরিবারের লোকজন তার খোঁজ করে আসছিল।
স্থানীয় লোকজন বৃহষ্পতিবার সকালে চাঁনপুর এলাকায় পদ্মা নদীর চরে আখ ক্ষেতের ভেতরে একটি লাশের খণ্ড খণ্ড অংশ দেখতে পায়।
খবর পেয়ে বাঘা থানার পুলিশ ও পরিবারের লোকজন সেখানে গিয়ে লাশ সনাক্ত করেন।
বাঘা থানার ওসি আবুল খায়ের জানান, পুলিশ দুপুর তিনটায় লাশের খণ্ডিত অংশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে এখনো মামলা হয়নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
