২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত বিএনপি নেতার শাশুড়িকে অপহরণ

পাঁচ মাস আগে কুষ্টিয়ায় নিহত ঢাকার বিএনপি নেতা রফিকুল ইসলামের শাশুড়ি অপহৃত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 11:16 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বৃহস্পতিবার সকালে শৈলকূপা উপজেলার আনন্দনগর গ্রাম থেকে লিপি বেগমকে দুর্বৃত্তরা তুলে নিয়ে গেছে বলে তার স্বজনরা পুলিশকে জানিয়েছে।

আনন্দনগর গ্রামে শ্বশুরবাড়ি থেকে গত ৫ জানুয়ারি রফিককে র‌্যাব পরিচয়ে তুলে নেয়া হয়েছিলো, পরদিন কুষ্টিয়ায় তার লাশ পাওয়া যায়।

শৈলকূপা থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিপি বেগম শেখপাড়া বাজার থেকে আনন্দনগর গ্রামের বাড়িতে ফিরছিলেন। সকাল ১১টার দিকে ৪-৫ জন লোক তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

গাড়িটি ঝিনাইদহের দিকে চলে যায় বলে গ্রামের বাসিন্দারা পুলিশকে জানিয়েছে। 

কারা অপহরণ করেছে, সে বিষয়ে রফিকের স্ত্রী আয়েশা সিদ্দিকা ঝরা ও অন্য স্বজনরা কিছু বলতে পারেনি বলে ওসি জানান।

তিনি বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বঙ্গবাজার মার্কেট ব্যবসায়ী সমিতির সহসভাপতি রফিক হত্যাকাণ্ডেরও এখনো কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ।

রফিক শ্বশুরবাড়িতে গিয়েছিলেন বেড়াতে। ৫ জানুয়ারি রাতে তাকে তুলে নেয়া হয়। পরে পাশের জেলা কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি মাঠে  তার লাশ পাওয়া যায়।

এর নয় দিন পর রফিকের ছোট ভাই মফিজুর রহমান বাদি হয়ে শৈলকূপা থানায় মামলা করেন।

তদন্তের অগ্রগতি জানতে চাইলে তদন্ত কর্মকর্তা শৈলকূপা থানার এসআই জোবায়েদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “এখনো কোনো ক্লু পাওয়া যায়নি।”