২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে সড়ক-নৌপথ অবরোধ

পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী প্রস্তাব বাতিলের দাবিতে পার্বত্য-বাঙালি ছাত্রপরিষদের ডাকে তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌ পথ অবরোধ চলছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 03:46 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বৃহস্পতিবার ভোর থেকেই টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দিচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শহরে সকালে পিকেটিংয়ের সময় পার্বত্য-বাঙালি ছাত্রপরিষদের জেলা কমিটির সদস্য মাসুদ রানাকে আটক করেছে পুলিশ।

বিশৃঙ্খলা এড়াতে জেলায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রিসভার বৈঠকে গত সোমবার ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইনের খসড়া অনুমোদিত হয়।

পরদিন খাগড়াছড়ি প্রেসক্লাবে পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ এক সংবাদ সম্মেলনে এই অবরোধের ডাক দেয়া হয়।

সংগঠনটির জেলা আহ্বায়ক আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সংশোধনীর ফলে ভূমি কমিশনের বিচারিক প্যানেলে পাহাড়িদের একচ্ছত্র প্রভাব সৃষ্টি হবে। সেই সঙ্গে পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হবে।”