ঝিনাইদহে ‘ছাত্রলীগ’ নেতাসহ ৫ জন প্রেপ্তার
ঝিনাইদহ শহরে দেশিয় অস্ত্র ও গুলিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে একজনকে ছাত্রলীগ নেতা বলে দাবি করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় শহরের সমবায় মার্কেট থেকে ‘ছাত্রলীগ নেতা’ কাজী আশরাফ রাহাত চন্দনসহ অন্যদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অন্যরা হচ্ছেন- শহরের আরাপপুরের মনোয়ার হোসেনের ছেলে রেজাউল ইসলাম, কাঞ্চননগরের বিল্লাল হোসেনের ছেলে সোহানুর রহমান, ভূটিয়ারগাতির শহিদ শেখের ছেলে সিরাজ শেখ এবং কলাবাগানের আবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সহকারী পরিচালক ক্যাপ্টেন এম. আশরাফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের এইচএসএস সড়কে অপরাধ করার উদ্দেশ্যে তারা অস্ত্রসস্ত্র নিয়ে অবস্থান করছিল।খবর পেয়ে র্যাব সমবায় মার্কেটের ভিতর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এদের মধ্যে চন্দন পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তাদের কাছ থেকে ৬টি রামদা, ৫ রাউন্ড গুলি ও চাপাতি উদ্ধার করা হয়।
এ চক্রের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে র্যাব জানতে পেরেছে। অস্ত্র উদ্ধারের জন্য চেষ্টা চলছে বলে জানান র্যাব কর্মকর্তা।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, এরা রাজনৈতিক পরিচয় দিয়ে অপরাধ করে বেড়াচ্ছিল।
র্যাবের হাতে আটক চন্দন ছাত্রলীগের কেউ নয় বলে দাবি করেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম ।
