২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘১৩ দফার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সরকারকেই’

নারীর অধিকার নিয়ে হেফাজতে ইসলামের দাবি বাংলাদেশের ‘সংবিধানসম্মত’ নয় বলে মনে করেন বাংলাদেশ সফররত জাতিসংঘের নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক বিশেষ দূত রাশিদা মানজু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 03:19 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

তিনি বলেছেন, হেফাজতের ওই ১৩ দফা দাবির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে ‘সরকারকেই’ দায়িত্ব নিতে হবে।

গত ৫ এপ্রিল রাজধানীর মতিঝিলে এক সমাবেশের মাধ্যমে  মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ১৩ দফা দাবি জানায়, যার একটিতে বলা হয়- ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যাভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বালনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে।

নারীবিহীন ওই সমাবেশে নারী উন্নয়ন নীতি বাতিলের দাবিও জানানো হয়। নারীদের নিয়ে তাদের মনোভাবের প্রকাশ ঘটে নারী সাংবাদিকদের ওপর হামলার মধ্য দিয়ে।  

বুধবার বিকালে রাজধানীর লেকশোর হোটেলে জাতিসংঘের বাংলাদেশ মিশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশিদা বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা সম্পর্কে তিনি অবগত।

“তাদের ১৩ দফা দাবিতে নারী-পুরুষের প্রকাশ্যে মেলামেশাসহ যেসব নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে তা সংবিধানসম্মত নয়। বাংলাদেশের সংবিধান নারী পুরুষের সমান অধিকার দিয়েছে।”

তাই নারীর অগ্রযাত্রার পথকে ‘নিষ্কণ্টক’ করতে এবং তাদের অধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ নেয়া সরকারেরই দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১০ দিনের সফরে সরকারের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি খুলনা ও যশোর সফর করেন রাশিদা।

এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার,  ঢাকা ও যশোরে সরকারসহ বিভিন্ন বেসরকারি সংস্থা পরিচালিত  আশ্রয় কেন্দ্র, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল এবং ঢাকা জেলখানার নারী ওয়ার্ড ঘুরে দেখেন তিনি।

‘সরকারি নিষেধাজ্ঞার’ কারণে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের নারীদের সঙ্গে মতবিনিময় করতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “নিরাপত্তার প্রশ্ন তুলে সরকার ওই নিষেধাজ্ঞা দিয়েছে।”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নারী নির্যাতন বন্ধে সরকারের কাছে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন জাতিসংঘের এই বিশেষ দূত। ১০ দিনের সফরে পর্যবেক্ষণের ভিত্তিতে বাংলাদেশে নারী নির্যাতনের ধরণ, কারণসহ এসব ঘটনায় সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ২০১৪ সালের জুন মাসে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলে একটি সমন্বিত প্রতিবেদন দেবেন তিনি।

নারী নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা করে রাশিদা বলেন, সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন, বিভিন্ন স্তরের কাজের ক্ষেত্রে নারী কোটার ব্যবস্থা রাখায় নারীর ক্ষমতায়নে ‘বিশেষ অগ্রগতি’ হয়েছে।

বাংলাদেশের সংসদে এখনো নারীর অংশগ্রহণ মাত্র ২০ শতাংশ হলেও রাষ্ট্রীয় শীর্ষপদে নারী নেতৃত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।  

তিনি মনে করেন, বাংলাদেশ সরকার জাতিসংঘের ‘নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপে’ সিডও সনদ অনুমোদন করলেও ওই সনদের গুরুত্বপূর্ণ দুটি ধারা নিয়ে সরকারের আপত্তি থাকায় তা নারীর অধিকার রক্ষায় কর্যকর ভূমিকা রাখতে পারছে না।

সংখ্যালঘু ও সমাজের পিছিয়ে পড়া নারীদের বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্যও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন রাশিদা।

পুরনো খবর:

‘নারীবিরোধী’ এক সমাবেশ
হেফাজতের ১৩ দাবি