সিলেটে ছিনতাই চক্রের ১৬ সদস্য গ্রেপ্তার
সিলেটে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ১৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত তিন দিনে নগরীর কোতয়ালী, শাহপরান ও দক্ষিণ সুরমা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার বিকাল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর) এজাজ আহমেদ।
তিনি সাংবাদিকদের জানান, দীর্ঘ দিন থেকে এই চক্র নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই, মোটরসাইকেল চুরি ও গাড়ি চুরি করে আসছিল।
বিশেষ অভিযানে আটককৃতদের কাছ থেকে দু’টি রিভলবার, ৭ রাউন্ড গুলি, ১৭টি মোবাইল সেট, ১৬টি সিম, ১২টি ছুরি-চাপাতি-রামদা, ৬টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে এসব অস্ত্র প্রদর্শন করা হয়। তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে আসামিদের হাজির করা হয়নি।
