‘বেপরোয়া নেতাদের’ সতর্ক হওয়ার পরামর্শ কাদেরের
বক্তব্য দেয়ার ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের আরো ‘সংযত’ ও ‘দায়িত্বশীল’ হওয়ার পরামর্শ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে গাড়ি চালকদের এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বেপরোয়া গাড়ি চালকদের মতো বেপরোয়া নেতাও আছেন। বাংলাদেশ এখন নেতা উৎপাদনের বিরাট কারখানা। ফসল উৎপাদন কোনোভাবে মার খেলেও নেতা উৎপাদনে এখানে বাম্পার ফলন।”
“এই বেপরোয়া নেতাদের বেফাঁস কথায় অনেক অস্থিরতা জন্ম নেয়। দেশের মানুষ কষ্ট পায়, আতঙ্কে থাকে।”
তাই যেকোনো ধরনের বক্তব্য দেয়ার ক্ষেত্রে এসব নেতাদের সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।
একই সঙ্গে হরতালের কারণে বাংলাদেশ সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারির সঙ্গে খালেদা জিয়ার পূর্ব নির্ধারিত বৈঠক বাতিলের বিয়টিকে ‘লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেন করেন মন্ত্রী।
বিআরটিএ পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমের বিষয়ে ওবায়দুল কাদের জানান, এর মাধ্যমে প্রায় পাঁচ হাজার পেশাজীবী চালককে প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরটিএ’র পরিচালক (প্রশাসন) মশিউর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সড়ক পরিবহন সমিতির মহাসচিক খন্দকার এনাযেতুল্লা, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের পরিচালক এম এন হোসেন প্রমুখ।
সড়ক দুর্ঘটনার জন্য চালকদের এককভাবে দায়ী না করে গণমাধ্যমগুলোতে এ বিষয়ে সচেতনতামূলক বিজ্ঞাপন প্রচারের জন্য তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলার জন্য মন্ত্রী ওবায়দুল কাদেরকে অনুরোধ জানান শ্রমিকনেতা ওসমান আলী।
সড়ক পরিবহন সমিতির মহাসচিক খন্দকার এনাযেতুল্লা দুর্ঘটনা এড়াতে চালকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ওভারেটেকিং, ওভারলোড এবং ওভারস্পিড এই তিনটি বিষয় এড়াতে পারলেই দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।”
এছাড়া এই প্রশিক্ষণ কর্মসূচিকে তিনি ‘টার্মিনালভিত্তিক’ করার প্রস্তাব করেন।
সড়কে যাত্রা নিরাপদ করতে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে বলে অনুষ্ঠানে জানান মন্ত্রী ওবায়দুল কাদের।
‘নিরাপদ সড়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ নামের এই কমিটিতে যোগাযোগ মন্ত্রীসহ দশ জন মন্ত্রী এবং ১২জন সচিব রয়েছেন।
খুব শিগগির জাতীয় ও আঞ্চলিক সড়কে অবৈধ হাট বাজার এবং স্থাপনা উচ্ছেদ, নসিমন-করিমন ভটভটি চলাচল বন্ধ, যানজট ও দুর্ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এ কমিটি ‘সর্বাত্মক অভিযানে’ নামবে জানিয়ে মন্ত্রী বলেন,
“গত ২৭ তারিখে এ ব্যাপারে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ’র চেয়ারম্যান আ ল ম আবদুর রহমান।
