ডিসিসি প্রশাসকের অতিরিক্ত দায়িত্বে দুই কর্মকর্তা
নির্বাচনের আইনি বাধা কাটায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ না দিয়ে দুই কর্মকর্তাকে ওই দায়িত্ব দিয়েছে সরকার।
ঢাকা সিটির নির্বাচন এখন ‘চায়’ সরকার
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বুধবার তাদের এই দায়িত্ব দেন।
ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ মাহমুদ রেজা খান এবং দক্ষিণের প্রশাসক নজরুল ইসলামের মেয়াদ বৃহস্পতিবারই শেষ হচ্ছে। বিদ্যমান আইন অনুযায়ী, সিটি করপোরেশনে প্রশাসক হিসাবে ১৮০ দিনের বেশি কেউ দায়িত্ব পালন করতে পারেন না।
হাই কোর্ট সম্প্রতি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় দুই অংশের নতুন মেয়র নির্বাচনের আইনি বাধা কাটে।
এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ঢাকার দুই সিটি করপোরেশনে শিগগিরই নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকায় নতুন করে কাউকে প্রশাসকের দায়িত্ব না দিয়ে মন্ত্রী দুই কর্মকর্তাকে প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয় বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়কে লিখিতভাবে জানিয়েছে বলেও জানান তিনি।
ওই কর্মকর্তা বলেন, “জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দিলেও যেহেতু মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকেই প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে, তাই এ বিষয়ে প্রজ্ঞাপন জারির প্রযোজন নেই।”
