২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভের মুখে প্রবাসীদের দাবি মানল সৌদি কোম্পানি

সৌদি আরবে দুই হাজারের বেশি বাংলাদেশি শ্রমিকের বিক্ষোভের পর তাদের দাবি মেনে নিতে রাজি হয়েছে নিয়োগদাতা প্রতিষ্ঠান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 05:10 AM

Updated : 25 Apr 2022, 06:48 PM

পাসপোর্ট, বকেয়া বেতন ও আকামা নবায়নের দাবিতে মঙ্গলবার জেদ্দায় নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশিরা বিক্ষোভ করে বলে আরব নিউজ জানায়।

কুতাব হ্যান্ড্রিক্স নামের একটি প্রতিষ্ঠানের অধীনে কাজ নেন এসব বাংলাদেশি। সম্প্রতি ওই প্রতিষ্ঠানটির মালিকানা হস্তান্তর হয়।

নতুন প্রতিষ্ঠান বাংলাদেশি শ্রমিকদের আকামা নবায়ন না করে বরং তাদের পাসপোর্ট ফিরিয়ে দিতেও অস্বীকৃতি জানায়। এতে জোরে করে ফেরত পাঠানোর মুখে পড়ার শঙ্কায় পড়েন এসব শ্রমিক।

তবে বিক্ষোভের পর নিয়োগকারী প্রতিষ্ঠান দাবি মেনে নেয় বলে একাধিক শ্রমিক জানান।

তারা বলেন, এদিন ১৮ জন শ্রমিকের নবায়নকৃত আকামা সরবরাহ করা হয়েছে। বাকিদেরটা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।   

আব্দুল সাত্তার নামে এক শ্রমিক আরব নিউজকে বলেন, “কোম্পানির ব্যবস্থাপকদের সঙ্গে আমাদের একটি বৈঠক হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে, দুই হাজার শ্রমিকই আকামা পাবে।”

মালিকপক্ষ দাবি মেনে নেয়ায় শ্রমিকরা বিক্ষোভ থামিয়ে কাজে ফিরে যান বলে  জানান তিনি।

তবে এরপরেও শঙ্কায় আছেন অনেক বাংলাদেশি। আবার যাতে প্রতারিত না হতে হয় সেজন্য বাংলাদেশ কনস্যুলেট ও সংবাদ মাধ্যমের সহযোগিতা চান তারা।

এ বিষয়ে বাংলাদেশের লেবার কনসাল মুকাম্মল হোসেন বলেন, শ্রমিকদের দাবি আদায়ে নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর সঙ্গে কনসাল জেনারেল আলোচনা চালিয়ে যাচ্ছেন।

ওই কোম্পানিকে শ্রমিকদের সঙ্গে চুক্তি নবায়নের পাশাপাশি তাদের আকামা  ও পাসপোর্ট ফেরত দিতে বলা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশি শ্রমিকদের দাবি বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে বিক্ষোভ ও ধর্মঘট সৌদি আইনের পরিপন্থী হওয়ায় সে বিষয়ে তিনি শ্রমিকদের সতর্ক করেন।

শ্রমিকদের সঙ্গে সমঝোতা হয়েছে বলে নিয়োগকারী প্রতিষ্ঠানের এক মুখপাত্র আরব নিউজকে জানান।

তিনি বলেন, আগের কোম্পানি শ্রমিকদের বৈধতার বিষয়টি স্পষ্ট করে না যাওয়ায় এ সমস্যা দেখা দেয়।

“তবে তাদের বৈধতার বিষয়টি এখন পরিষ্কার হয়েছে।”

শ্রম মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগে আইনি প্রক্রিয়ার কারণে আকামা নবায়নে একটু সময় লাগছে বলে জানান তিনি।