২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসেন: উপকূলে কৃষকের ‘মাথায় হাত’, উত্তরে ‘আশীর্বাদ’

ঘূর্ণিঝড় মহাসেনের কারণে দক্ষিণাঞ্চলে ফসলের ক্ষতি হলেও এর প্রভাবে হওয়া অতিবৃষ্টিকে ‘আশীর্বাদ’ মনে করছেন দেশের উত্তরাঞ্চলের কৃষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফয়জুল সিদ্দিকী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 04:19 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

গত ১৬ মে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যায় মহাসেন, যার আঘাতে নিহত হয় অন্তত ১২ জন।

এই ঝড়ের প্রভাবে জোয়ারের পানি বেড়ে প্লাবিত হয় উপকূলের চরাঞ্চল। তাছাড়া ঝড়ের প্রভাবে সৃষ্ট অতিবৃষ্টিতে তলিয়ে যায় অনেক এলাকা।

কৃষিখাতে এ ঝড়ের প্রভাব জানতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে কথা বলা হয় দেশের ১০টি কৃষি অঞ্চলের প্রধান কর্মকর্তাদের সঙ্গে। তাদের কথায় ঝড়ের কারণে অঞ্চলভেদে কৃষকদের লাভ-ক্ষতি দুটি বিষয়ই উঠে আসে।

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকাণ্ড পরিচালনার এই অঞ্চলগুলো হলো- ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ, পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, বরিশাল, যশোর ও কুমিল্লা কৃষি অঞ্চল।

এর মধ্যে ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বরিশাল কৃষি অঞ্চল।

এই অঞ্চলের অতিরিক্ত পরিচালক রিয়াজুল করিম জানান, বরিশাল অঞ্চলের ১১টি জেলার মধ্যে ফরিদপুর, মাদারীপুর ও রাজবাড়ী বাদে বাকি আটটি জেলায় ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ অঞ্চলের পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুরে প্রায় ৩২ হাজার ৬৬৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়।

এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয় পটুয়াখালীতে, এ জেলাতেই সবার আগে আঘাত হানে মহাসেন। ঝড়ের কারণে জেলার ৯৮ হাজার ৩৬০ জন কৃষকের ১৬ হাজার ৭১৯ হেক্টর জমির ফসলের ক্ষতি হয় বলে জানান কৃষি কর্মকর্তা।

এর মধ্যে রোপা আউশ, বীজতলা, মুগডাল, তিল, পান, শাকসবজী, বাদাম, মরিচসহ যাবতীয় রবি শস্য রয়েছে।

পটুয়াখালী সদর, কলাপাড়া, গলাচিপা ও দশমিনা উপজেলায় শত শত পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। বিধ্বস্ত হয়েছে অনেকের ঘরবাড়ি।

ঝড়ের ক্ষত কাটিয়ে উঠতে যখন এসব মানুষ প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তখনই মড়ার ওপর খাড়ার ঘাঁ হয়ে দেখা দিয়েছে বিভিন্ন এনজিওর কাছ থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধের তাগাদা।

জেলা প্রশাসনের হিসাবে পটুয়াখালীতে আশা, ব্র্যাক, গ্রামীণ ব্যাংকসহ  ছোট-বড় প্রায় শতাধিক এনজিওর ক্ষুদ্রঋণ কার্যক্রম রয়েছে। প্রায় ৬০ থেকে ৭০ ভাগ কৃষকই তাদের কাছ থেকে ঋণ নিয়ে জমিতে চাষ করেছিলেন, যা ধুয়ে গেছে স্বাভাবিকের চেয়ে চার/পাঁচ ফুট বেশি উচ্চতার জোয়ার ও অতিবৃষ্টিতে।

পটুয়াখালীতে আঘাত হানার পর মেঘনা অববাহিকা হয়ে চট্টগ্রামে ওপর দিয়ে বাংলাদেশ অতিক্রম করে মহাসেন। তাই এ অঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে রেখে যায় এর ক্ষতচিহ্ন।

চট্টগ্রাম কৃষি অঞ্চলের প্রধান আব্দুল মালেক জানান, মহাসেনের প্রভাবে অতিবৃষ্টি ও জোয়ারের পানি বেড়ে এ অঞ্চলের তিন জেলা নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

তবে মহাসেনের আগে কৃষকরা জমি থেকে বোরো ধান তুলে আনায় অনেকেই ভরাডুবি থেকে রেহাই পেয়েছেন।

প্রধান কৃষি কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী, ঝড়ে এ অঞ্চলের ৬৮ হাজার ৭৩২ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ৩৪৯ হেক্টর জমির রোপা আউশ, ৮ হেক্টরের আউশ বীজতলা, ৩ হাজার ২৯৫ হেক্টরের সয়াবিন, ৯৬৯ হেক্টর জমির সবজি, এক হাজার ২৬৩ হেক্টরের চীনা বাদাম এবং অন্যান্য  ফসলসহ মোট ৫ হাজার ৮৭৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়।

এর বাইরে সয়াবিনের ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি জেলা নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক উদয় শংকর মুৎসুদ্দী বলেন, মহাসেন আঘাত হানার আগের অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢলে ফসল ভেসে গেছে । এর মধ্যে এক হাজার ৫০৪ হেক্টর জমির বোরো ধান এবং ২৮০ হেক্টর জমির শাকসবজি ছিল।

যশোর অঞ্চলে ঝড়ের খুব একটা প্রভাব না পড়লেও খুলনা ও বাগেরহাটে ফসলের বেশ ক্ষতি হয়।

যশোর কৃষি অঞ্চলের প্রধান মো. আব্দুল মান্নানের দেয়া তথ্য অনুযায়ী, মহাসেনে বাগেরহাটের ১৬০ হেক্টর এবং খুলনা জেলার ২১০ হেক্টর জমির আউশ বীজতলা, তিল, মরিচ, পানের বরজ, মুগডাল, মরিচ, তরমুজ ও সবজী ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়।

এ অঞ্চলে এবার বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও ভালো ফলন হয়েছে। তবে এ অঞ্চলে গমের উৎপাদন ভালো হয়েছে বলে তিনি জানান।

মহাসেন উপকূলের অনেককে সর্বস্বান্ত করে গেলেও এর প্রভাবে প্রবল বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলের কৃষকরা লাভবান হয়েছেন বলে জানান কৃষি কর্মকর্তারা।

এ বিষয়ে রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক একরাম হোসেন বলেন, সম্প্রতি টানা তিন দিনের  প্রবল বৃষ্টি রাজশাহীর কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।

তিনি বলেন, জমিতে পর্যাপ্ত ময়েশ্চার না থাকায় আউশ ধান ও আখসহ অন্যান্য ফসল মাঠে লাগানো অনেকটা অসম্ভব হয়ে উঠেছিল। তাই বৃষ্টির জন্য অপেক্ষায় ছিলেন কৃষকরা।

বৃষ্টিতে এই অঞ্চলে বোরো ধানের ক্ষতি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ অঞ্চলে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮ লাখ ৩৬ হাজার ১২৬ হেক্টর জমিতে। তার মধ্যে ৮ লাখ ৩৬ হাজার ৭০ হেক্টর জমিতে এই চাষ হয়, যার ৯০ শতাংশই বৃষ্টির আগে আহরণ করা হয়।

“বাকি ১০ ভাগের ক্ষেত্রে শুকানোর সমস্যা হলেও তা ছিল সাময়িক। এতে যে ক্ষতি হয়েছে তা ধরার মতো নয়।”

তাছাড়া বৃষ্টি না হলে এ অঞ্চলের প্রধান ফসল আম, লিচু ও পেয়ারার ব্যাপক ক্ষতি হত বলেও মনে করেন তিনি।

ঝড়ের প্রভাবে অতিবৃষ্টিতে একই ধরনের সুবিধা পেয়েছেন রংপুরের কৃষকরা।

অতিবৃষ্টিতে এই অঞ্চলে বোরো ধানের কোন ক্ষতি হয়নি বলে জানান প্রধান কৃষি কর্মকর্তা মোহাম্মদ সেকেন্দার আলী।

তবে ধান কাটার পর শুকানোতে কিছুটা সমস্যা হয়। অবশ্য পরে প্রখর রোদ থাকায় তেমন কোনো সমস্যা নেই বলে মনে করছেন সেকেন্দার আলী।

অতিবৃষ্টি ‘মঙ্গল’ বয়ে এনেছে বলে মন্তব্য করেন সিলেট কৃষি অঞ্চলের প্রধান মো. মহসিন উদ্দিন খান।

বৃষ্টির আগেই সিলেটের ৯৫ ভাগ বোরো ধান মাড়াই শেষ হয় জানিয়ে তিনি বলেন, “মাড়াই করা ধান শুকাতে সাময়িক সমস্যায় পড়ে কৃষকরা। তবে তাতে তেমন কোনো ক্ষতি হয়নি।”

এ অঞ্চলে এবার চার লাখ সাত হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়।মৌসুম শেষে দেখা যায়, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ২০ হাজার হেক্টর বেশি জমিতে বোরো চাষ হয়েছে।

প্রধান কৃষি কর্মকর্তা বলেন, মহাসেনের প্রভাবে বৃষ্টি আগে হওয়ায় খরিপ-১ মৌসুমের আউশ ও অন্যান্য ফসল তুলনামূলক আগে মাঠে লাগাতে পারায় কৃষকরা খুশি।

ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও টাঙ্গাইল জেলা নিয়ে গঠিত ঢাকা কৃষি অঞ্চল।

এই অঞ্চলের প্রধান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসেনের প্রভাব না পড়লেও অতিবৃষ্টির কারণে এই অঞ্চলের কিছু এলাকার বোরো ধান পানির নিচে ডুবেছিল। তবে একদিনের মধ্যেই পানি নেমে যাওয়ায় তেমন কোনো ক্ষতি হয়নি ।

এবার এ অঞ্চলে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা চার লাখ ৩৬ হাজার ৬০৭ হেক্টর থাকলেও অর্জন হয় চার লাখ ৩৭ হাজার ৮৭০ হেক্টর। ফলনও ভালো হয়েছে বলে জানান তিনি।

ময়মনসিংহ কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক আমিনুল হক বলেন, তিন দিনের টানা বৃষ্টিতে এ অঞ্চলের ছয় জেলা-টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় বোরো ধানের কোনো ক্ষতি হয়নি।

বৃষ্টির আগেই হাওড়সহ প্রায় সব মাঠের ধান তোলা হয় বলে জানান তিনি।

কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গঠিত কুমিল্লা কৃষি অঞ্চলে ফসলের কোনো ক্ষতি হয়নি বলে জানান সেখানকার অতিরিক্ত পরিচালক আমির হোসেন।