নারায়ণগঞ্জে শিবিরের যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ
বিরোধী ১৮ দলীয় জোটের হরতালের আগের রাতে নারায়ণগঞ্জ সদরে যানবাহন ভাঙচুর ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে ইসলামী ছাত্র শিবির।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার পঞ্চবটি কলোনী এলাকায় অবরোধের ফলে প্রায় আধাঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কে যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাড়ে ৯টার দিকে পঞ্চবটির পাঁচতলা কলোনী এলাকা থেকে লাঠিসোটা নিয়ে হরতালের সমর্থনে মিছিল বের করে শিবিরকর্মীরা। তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। এসময় তারা ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা সড়কে টায়ারে আগুন ধরিয়ে দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হঠাৎ করে কয়েকজন যুবক মিছিল বের করে সড়কে টায়ারে আগুন দেয়। তারা দুটি পিকআপ ভ্যানের সামনের গ্লাস ভেঙে ফেলে। আধাঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়।
এর পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি আকতার হোসেন।
তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
