২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাজার জিয়ারত দিয়েই প্রচারণা শুরু সিলেটে

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের দুই মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরী প্রচারণা শুরু করেছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 03:07 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

মঙ্গলবার দুপুরে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও সম্মিলিত নাগরিক জোটের প্রার্থী আরিফুল হক চৌধুরী।

অবশ্য ১৪ দল সমর্থিত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি কামরান সোমবার দুপুরেই হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।

মঙ্গলবার নগরীর বোরহান উদ্দিন (রহ.) মাজার এলাকা, কুশিঘাট, পায়দাবাজার, টুলটিকর, মিরাপাড়া ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন কামরান।

তিনি বলেন- “আমি সকল কাজেই নগরবাসীর সহযোগিতা পেয়ে আসছি। বিগত নির্বাচনে কারাগারে থাকা অবস্থায় নগরবাসী বিশাল ব্যবধানে আমাকে বিজয়ী করেছেন। সর্বদা নগরবাসী আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন সেজন্য আজীবন আমি সিলেটবাসীর কাছে চিরঋণী।”

আরিফুল হক নির্বাচনী প্রচারাভিযান শুরুর পর সাংবাদিকদের বলেন, “আমি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সিলেট নগরীকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই।”

এদিকে প্রধান দুই প্রার্থীর সমর্থনে নগরীতে চলছে মাইকিং, টাঙ্গানো হয়েছে পোস্টার।

নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সালাহ উদ্দিন রিমনও গণসংযোগ শুরু করেছেন।