সাতক্ষীরায় স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে সাতটি সোনার বার উদ্ধার করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্তে এই অভিযান চালানো হয়।
এ সময় বিজিবি আব্দুল আলিম মির্জা (৪০) নামে এক স্বর্ণ চোরাকারবারিকেও আটক করে। তিনি উপজেলার কেড়াগাছি গ্রামের কাওসার আলী মির্জার ছেলে।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা (অপস) মেজর আনোয়ারুল মাজহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিপুল পরিমান স্বর্ণ ভারতে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়।
এ সময় সীমান্ত এলাকার রথখোলা বিল থেকে আব্দুল আলিমকে আটক করা হয়।
“তার দেহ তল্লাশী করে ৭টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা।”
বিজিবি কর্মকর্তা আরো জানান, আব্দুল আলিমের ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭০ তোলা এবং আটককৃত মালামালের মূল্য ৩৩ লক্ষ ৪০ হাজার টাকা।
এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত চোরাকারবারিকে পুলিশে দেয়া হয়েছে।
