ফেনীতে হরতালে গাড়ি ভাংচুর হাতবোমা বিস্ফোরণ
জেলা বিএনপির ডাকা হরতালে ফেনীতে হাতবোমা বিস্ফোরণ গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ হয়েছে।
বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে এ হরতাল ডাকে ফেনী জেলা বিএনপি।
জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে ফেনী প্রেসক্লাব ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মহিপালে ২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। এ সময় শহরের জিরো পয়েন্টে ট্রাংক রোডে একটি ফলের ট্রাকে আগুন দেয়ার চেষ্টা করলে পুলিশের ধাওয়ার মুখে পিকেটাররা পালিয়ে যায়।
একই সময় পিকেটাররা মহাসড়কের মহিপাল পুলিশ ফাঁড়ির সামনে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
পুলিশ হরতাল শুরুর আগে ভোরে শহরের বিভিন্ন স্থান থেকে তিন বিএনপিকর্মীকে আটক করে।
এছাড়া ভোর থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে ১২টি গাড়ি ভাংচুর করে সড়ক অবরোধের চেষ্টা করে হরতাল সমর্থনকারীরা।
তবে মহাসড়কের ফেনী বাইপাস অংশে পুলিশের কড়া নিরাপত্তায় পরিবহন চলাচল স্বাভাবিক ছিল।
ছাত্রদল বিক্ষিপ্ত মিছিল করলেও হরতাল সমর্থনে জেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের কোন কর্মসূচি দেখা যায়নি।
হরতাল ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
দুপুর ১২টার দিকে ফেনী পৌরসভা চত্বর থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে পুলিশের পাশাপাশি প্রচুর সংখ্যক র্যাব ও পুলিশের স্পেশাল বাহিনী ‘কোবরা’ মোতায়েন রয়েছে।
হরতালে সকাল থেকে শহরের দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল।
অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি কম।
শহরের বড় বড় মার্কেটগুলো বন্ধ থাকলেও দোকানপাট খোলা ছিল।
তিন চাকার যান রিকশা, অটোরিকশা চললেও ভারী যান চলাচল করেনি। এর ফলে জেলা সদরের সঙ্গে উপজেলাগুলোর যোগাযোগ বন্ধ।
তবে সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
