তেঁতুলিয়ায় হরিজন সম্প্রদায়ের মানববন্ধন
পঞ্চগড়ে হরিজন সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তির ঘরে আগুন দেয়াসহ মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ওই সম্প্রদায়ের লোকজন
মঙ্গলবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে তেঁতুলিয়া হরিজন পঞ্চায়েত কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।
এতে হরিজন সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।
পরে বিক্ষোভ মিছিল করে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, তিরনইহাটে হরিজন সম্প্রদায়ভুক্ত রামলালের বসতভিটায় গত ৪মে দখলী পরোয়ানা জারির জন্য আদালতের একটি দল যায়।
এ সময় প্রতিপক্ষের লোকজনও ঘটনাস্থালে উপস্থিত ছিলেন।
আদালতের লোকজন রামলালকে মালামাল নিয়ে বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার বাড়িঘরে অগ্নিসংযোগ ও মন্দিরের প্রতিমা ভাংচুর করে।
এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন আদালতের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওইদিনই তেঁতুলিয়া থানায় রামলালের দেয়া অভিযোগটি পুলিশ ১১মে মামলা হিসেবে রেকর্ড করে।
তবে, ৫মে মুখ্য বিচারিক হাকিম আদালতে রামলালসহ ৩২ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়াসহ বিভিন্ন অভিযোগে মামলা করেন আদালতের এক কর্মচারী।
আদালতি এই মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
হরিজন পঞ্চায়েত কমিটির সভাপতি যোগী ঠাকুর অভিযোগ করেন, আগুন নেভাতে ও কৌতূহলী হয়ে ঘটনা প্রত্যক্ষ করতে গেছেন মুসলিম সম্প্রদায়ের এমন লোকজনকেও মামলায় জড়ানো হয়েছে।
তাদের প্রতিপক্ষ আদালতের এক কর্মচারীর নিকট আত্মীয় হওয়ায় প্রভাব খাটিয়ে নিরীহ লোকজনকে হয়রানি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
