টাঙ্গাইলে পিকেটিংকালে আটক ৪
হরতালে পিকেটিং করার সময় টাঙ্গাইল শহরে বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে গোডাউন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আসলাম মিয়া, শ্রমিক দলের কর্মী সবুজ ও ছানোয়ার।
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
টাঙ্গাইল মডেল থানার ওসি নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জেলা বিএনপি শহরের রেজিস্ট্রিপাড়া রোডে একটি বিক্ষোভ মিছিল বের করেচে।
মিছিল শেষে পুরাতন বাসস্ট্যান্ডে হবিবুর রহমান প্লাজার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তোফা।
এদিকে, সকাল থেকেই শহরের কিছু কিছু দোকানপাট ও বিপনীবিতান খোলা হয়। রাস্তায় অটোরিকশা চলাচল করছে।
তবে সব ধরনের বাস বন্ধ রয়েছে। সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানসহ অফিস-আদালত স্কুল-কলেজ খোলা রয়েছে।
