২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আগুনে পুড়েছে কারখানা

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে কয়েকটি গেঞ্জি কারখানা ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 04:07 AM

Updated : 13 Oct 2022, 02:52 PM

আগুন নেভাভে গিয়ে আহত হয়েছেন অগ্নি নির্বাপক বাহিনীর এক কর্মীসহ পাঁচজন।

মঙ্গলবার ভোরে শহরের দুই নম্বর রেল গেইট এলাকার শেরে বাংলা মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে।

ব্যবসায়ীরা জানান, ভোর ৫টার দিকে ওই মার্কেটের একতলায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক কে এম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ এবং ডেমরা ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যায় মার্কেটের নিচতলার ১৬টি হোসিয়ারি দোকান এবং দোতলার ১৪টি হোসিয়ারি কারখানা (গার্মেন্টস পণ্য, গেঞ্জি ও মাথার টুপি তৈরি হয়)।

মাকের্টের আল হাবীব স্টোরের মালিক সুজন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে তার দোকানের ১৭ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

প্রত্যেকটা দোকানে রোজার ঈদকে সামনে রেখে প্রচুর পোশাক ও টুপিসহ বিভিন্ন পণ্য মজুদ ছিলো।

আগুনে অন্তত ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

সাইফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

আহত ফায়ার সার্ভিস কর্মীর নাম বাহারুল ইসলাম। তিনিসহ আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আগুনে ১০টি দোকান ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে প্রায় এক কোটি টাকা মূল্যের সম্পদ পুড়ে গেছে।

সোমবার মধ্য রাতে ফরিদগঞ্জ বাজারের ভান্ডারী মহল এলাকায় এই আগুন লাগে বলে জানান চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের দমকলকর্মী মো. ইমরান।