কুমিল্লায় বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসচাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চৌদ্দগ্রাম পৌর এলাকার দক্ষিণ নোয়াপাড়ার ইউসুফ আলী খোকনের স্ত্রী শারমিন আক্তার (২২), তার মেয়ে ইভা (১) ও করপাটি গ্রামের সোনা মিয়ার ছেলে প্রবাসী মুন্না (৩৬)।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে আটগ্রাম এলাকায় ডলি রিসোর্টের সামনে চট্টগ্রামগামী তিশা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশার যাত্রী শারমিন, ইভা ও মুন্নাসহ পাঁচজন গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পর ইভা মারা যায়। অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় শারমিন ও মুন্না।
