ডিবি পরিচয়ে আ. লীগ নেতাকে তুলে নেয়ার অভিযোগ
রাজধানীতে আওয়ামী লীগের এক নেতাকে গোয়েন্দা পুলিশের পরিচয়ে তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ এসেছে।
রোববার রাতে এই অভিযোগ তুলে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।
তারা বলছেন, ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিনকে রাত সাড়ে ৯টার দিকে গোলাপ শাহ মাজারের কাছ থেকে তুলে নেয়া হয়।
ওই ওয়ার্ড আওয়ামী লীগের অারেক যুগ্ম আহ্বায়ক আল রাজু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিবি পুলিশের পরিচয়ে কয়েকজন লোক রুহুলকে প্রাইভেটকারে তুলে নেয়।
ঘটনা শোনার পর ওই ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে। তবে পুলিশ এসে রুহুলকে ছাড়ানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
রুহুলকে ডিবি কার্যালয়ে নেয়ার কথা পুলিশ স্বীকার করেছে বলে দাবি করেন রাজু।
এই বিষয়ে পল্টন মডেল থানায় যোগাযোগ করা হলে থানার ওসি গোলাম সরওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগের এক নেতা নিখোঁজ হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে থানায় কেউ অভিযোগ করেনি।
বিষয়টি পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।
