বাগেরহাটে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে আদালত
বাগেরহাটে একটি ঝুঁকিপূর্ণ ভবনে চলছে জেলা ও দায়রা জজ আদালত।
ভবনের বিভিন্ন কলাম এবং বিমে ফাটল ধরার পর গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা ভবনের সংস্কার কাজ দ্রুত শুরু করার পরামর্শ দিয়েচে। তবে রোববার ঝুঁকি কমানোর জন্য ভবনে গাছের গুড়ি (বল্লি) ঠেকিয়ে আপাতত আদালতের কাজ চালানো হচ্ছে।
বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নিশিত রঞ্জন পাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে দুর্ঘটনা এড়াতে বল্লি দিয়ে বিমের ভার কমানোর নির্দেশ দিয়েছেন। খুব দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।
গত ১৬ মে বাগেরহাট জেলা ও দায়রা জজ এসএম সোলায়মান ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা জানিয়ে চিঠি দিলে খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ মাহফুজ আহমেদ (পিইঞ্জ) বাগেরহাট জজ আদালত ভবন পরিদর্শন করেন।
ভবনের কয়েকটি কলাম ও বিমে ফাটল দেখা দিয়েছে, কংক্রিট খসে পড়েছে এবং রড মরিচা ধরে ক্ষয়প্রাপ্ত হয়েছে উল্লেখ করে ২৪ ঘন্টার মধ্যে বল্লি দিয়ে ফাটল ধরা কলাম ও বিমে সাপোর্ট দেয়ার জন্য নির্দেশনা দেন তিনি।
এর আগে গত বছরের এপ্রিল মাসে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের চিঠি দিলেও ভবনটি সংস্কারের কাজ শুরু করা যায়নি।
বাগেরহাট গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৯২-৯৩ অর্থ-বছরে প্রায় চার কোটি টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। শেষ হয় ১৯৯৫ সালের ৩০ আগস্ট।
