আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বালুবাহী ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাংবাদিক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
রোববার বিকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের কালিরহাটে দুর্ঘটনার কবলে পড়েন সাংবাদিক আল আমিন হাওলাদার (৩০)। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আল-আমিন দৈনিক ‘বাংলাদেশ সময়’ পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি। আল-আমিন পিরোজপুর জেলার নাজিরপুর এলাকার আইয়ুব আলী হাওলাদারের ছেলে।
আড়াইহাজার থানার ওসি আখতার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর পুলিশ ট্রলি ও চালক শেখ ফরিদকে আটক করেছে।
