মুজাহিদের আইনজীবীকে ‘মারধর’
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের এক সাক্ষীর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন বিচারের সম্মুখীন আলী আহসান মো. মুজাহিদের আইনজীবী মুন্সী আহসান কবীর।
এই আইনজীবীর বক্তব্য, রোববার বিকালে সেগুন বাগিচা এলাকায় তার ওপর হামলা চালান প্রসিকিউশনের সাক্ষী জহির উদ্দিন জালাল।
তবে বিচ্ছু জালাল নামে পরিচিত এই মুক্তিযোদ্ধা বলেছেন, তার বিরুদ্ধে আনা এই অভিযোগ ষড়যন্ত্রমূলক।
আহসান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেগুনবাগিচা এলাকায় কোনো রকম উস্কানি ছাড়াই জহির উদ্দিন জালাল আমার ওপর আক্রমণ করে। আমাকে গালাগালির পাশাপাশি কিল-ঘুষি মারে।”
আহসান কবির কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসনাত বলেন, আইনজীবীর তলপেটে আঘাত লেগেছে। তাকে ব্যথানাশক ইনজেকশন দেয়া হয়েছে।
তবে আঘাত গুরুতর নয় বলে জানান এই চিকিৎসক।
হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরো বিষয়টি মিথ্যা।”
“সামনে মুজাহিদের মামলায় আইনজীবিরা যুক্তি-তর্ক উপস্থাপন করবে। তার আগে ষড়যন্ত্র করে এ ধরনের অভিযোগ আনা হচ্ছে।”
এদিকে দলের সেক্রেটারি জেনারেল মুজাহিদের আইনজীবীর ওপর হামলার নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামী এক বিবৃতিতে বলেছে, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে মামলার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হোক, তা সরকার চায় না।
হামলাকারীকে গ্রেপ্তার এবং ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
আহসান কবীর জানান, তিনি হামলার অভিযোগ এনে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন।
