আসামির মৃত্যুর ঘটনায় না’গঞ্জে ওসি-এসআই প্রত্যাহার
পুলিশের হাতে আটক নারায়ণগঞ্জে চার খুনের মামলার সন্দেহভাজন আসামি শামীম রেজার মৃত্যুর ঘটনায় সোনারগাঁও থানার ওসি (তদন্ত) ও এক উপ-পরিদর্শককে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
এছাড়া একই কারণে এক সহকারি পুলিশ সুপারকে (বি সার্কেল) বদলি এবং মামলাটি পুলিশের হাত থেকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শামীমের মৃত্যুর ঘটনায় সোনারগাঁও থানার ওসি (তদন্ত) অরূপ তরফদার, উপ-পরিদর্শক পল্টু ঘোষকে প্রত্যাহার করে পুলিশ লাইনে এবং সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) উত্তম প্রসাদকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের গঠিত তদন্ত কমিটির রির্পোটের ভিত্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে বলে জানান মো. নুরুজ্জামান।
সোনারগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের স্ত্রীসহ চার খুনের ঘটনায় পুলিশ গত ১৪ মে শামীম রেজাকে আটক করে।
চার হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ১৪ মে প্রতাপেরচর গ্রামের আলাউদ্দিনের ছেলে শামীম রেজাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
গত বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের পরিবারের অভিযোগ, পুলিশি নির্যাতনে শামীমের মৃত্যু হয়েছে।
অভিযোগ অস্বীকার করে জেলা পুলিশ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করে। যেখানে উত্তম প্রসাদকে সদস্য হিসাবে রাখা হযেছিল। যদিও শামীমের পরিবার এ তদন্ত কমিটিকে ‘লোক দেখানো’ বলে অভিহিত করে।
ডিআইজি মো. নুরুজ্জামান আরো জানান, শামীমের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) গোলাম ফারুক প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে পুলিশ সদর দপ্তর ।
কমিটির অন্য দুই সদস্য হলেন- নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুব্রত কুমার হাওলাদার ও নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (তদন্ত) সাজ্জাদুর রহমান।
প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় তদন্ত কমিটির সুপারিশে তাৎক্ষণিকভাবে সোনারগাঁও থানার তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান মো. নুরুজ্জামান।
তিনি জানান, নিহতের ময়না তদন্তের প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। যেহেতু সংশ্লিষ্ট্র থানার কর্মকর্তাদের বিরুদ্ধে এই অভিযোগ।
তাই মামলার তদন্তের স্বার্থে এবং নিহতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে।
